শিক্ষা মানুষের ব্যক্তিত্ব, মনন গঠন, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং সমাজের সার্বিক উন্নয়নের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। একটি শিক্ষিত সমাজই কুসংস্কার, দারিদ্র্য, বৈষম্য, দুর্নীতি ও অজ্ঞতার বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই করতে পারে। শিক্ষা মানুষের চিন্তাশক্তি প্রসারিত করে, যুক্তিবাদী ও মানবিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলে এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। শিক্ষার মাধ্যমে মানুষ নিজের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হয়, অন্যের প্রতি সহানুভূতিশীল হয় এবং শান্তিপূর্ণ এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।
একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি, সুশাসন, গণতন্ত্র এবং সামাজিক সম্প্রীতির ভিত্তিও হলো শিক্ষা। যে জাতি শিক্ষায় যত বেশি বিনিয়োগ করে, সে জাতি তত বেশি উন্নত, সমৃদ্ধ ও উদ্ভাবনী হয়ে ওঠে।
তাই বলা যায়, সমাজ পরিবর্তনের জন্য শুধু শিক্ষার প্রসারই নয়; বরং মানসম্মত, মূল্যবোধভিত্তিক, দক্ষতানির্ভর এবং আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। শিক্ষা যদি মানুষের মধ্যে জ্ঞান, নৈতিকতা, সৃজনশীলতা ও মানবিকতা জাগ্রত করতে পারে, তবে একটি আলোকিত, বৈষম্যহীন ও টেকসই সমাজ গড়ে তোলা সম্ভব।
মানবসভ্যতার বিকাশে শিক্ষা সর্বদাই অন্যতম প্রধান শক্তি হিসেবে বিবেচিত হয়েছে। খ্রিষ্টপূর্ব যুগের প্রাচীন দার্শনিকরা শিক্ষা শুধু জ্ঞান অর্জনের উপায় নয়, বরং নৈতিক চরিত্র গঠন, সুশাসন প্রতিষ্ঠা এবং একটি আদর্শ সমাজ নির্মাণের ভিত্তি হিসেবে দেখেছেন। সক্রেটিস মনে করতেন, প্রকৃত শিক্ষা মানুষের আত্মজ্ঞান ও নৈতিক উন্নয়ন ঘটায়। তার বিখ্যাত উক্তি—নিজেকে জানো—শিক্ষার মূল উদ্দেশ্যকে আত্মঅনুসন্ধানের সঙ্গে যুক্ত করুন।
সক্রেটিসের প্রিয় ছাত্র প্লেটোর মতে, সুশিক্ষা মানুষের চরিত্র, ন্যায়বোধ ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে। তিনি বিশ্বাস করতেন, রাষ্ট্রের কল্যাণ নির্ভর করে নাগরিকদের শিক্ষার ওপর। অন্যদিক, প্লেটোর ছাত্র অ্যারিস্টটল শিক্ষা সম্পর্কে বলেন, শিক্ষার উদ্দেশ্য শুধু জ্ঞান অর্জন নয়; বরং উত্তম চরিত্র ও গুণাবলির বিকাশ। প্রাচীন দার্শনিক ডেমোক্রিটাস বিশ্বাস করতেন, মানুষের উন্নতির প্রধান মাধ্যম হলো শিক্ষা ও অধ্যবসায়। তার মতে, জন্মগত প্রতিভার চেয়ে শিক্ষা ও অনুশীলন মানুষের জীবনকে বেশি উন্নত করে। চীনা দার্শনিক কনফুসিয়াস বলেন, শিক্ষা মানুষের মধ্যে সততা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধা গড়ে তোলে। তিনি বিশ্বাস করতেন, শিক্ষিত ও নৈতিক মানুষই শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা করতে পারে। পিথাগোরাস শিক্ষাকে আত্মশুদ্ধি, শৃঙ্খলা ও যুক্তিবোধের বিকাশের মাধ্যম হিসেবে বিবেচনা করতেন।
মুসলিম দার্শনিকরা জ্ঞানচর্চা, শিক্ষা, নৈতিকতা, বিজ্ঞান, রাষ্ট্রচিন্তা ও সামাজিক ন্যায়বিচারের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাদের দর্শন শুধু ধর্মীয় শিক্ষায় সীমাবদ্ধ ছিল না; বরং মানবকল্যাণ, সুশাসন, অর্থনীতি, শিক্ষা ও সভ্যতার উন্নয়নেও গভীর প্রভাব ফেলেছিল। আল-ফারাবির মতে, শিক্ষা নৈতিকতা ও আইনের শাসনের মাধ্যমে উন্নত সমাজ প্রতিষ্ঠা সম্ভব। মধ্যযুগে আরেক প্রভাবশালী দার্শনিক ইবনে সিনা বিশ্বাস করতেন, শিক্ষা মানুষের বুদ্ধিবৃত্তিক ও নৈতিক বিকাশ ঘটায়। জ্ঞানচর্চা ও গবেষণাকে তিনি সভ্যতার অগ্রগতির মূল চালিকা শক্তি হিসেবে দেখেছেন। ইমাম গাজ্জালীর মতে, নৈতিকতা ছাড়া জ্ঞান সমাজের জন্য কল্যাণকর হতে পারে না। শিক্ষা মানুষের চরিত্র গঠন এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রধান মাধ্যম। ইবনে রুশদ বলেন, মুক্তচিন্তা, গবেষণা ও সমালোচনামূলক চিন্তার মাধ্যমে সমাজে উন্নয়ন ঘটে। তার চিন্তাধারা ইউরোপীয় নবজাগরণের ওপরও প্রভাব ফেলেছিল। সমাজচিন্তাবিদ ও দার্শনিক ইবনে খালদুন তার মুকাদ্দিমা গ্রন্থে রাষ্ট্র, সমাজ ও অর্থনীতির বৈজ্ঞানিক বিশ্লেষণ পাওয়া যায়। তিনি দেখান যে শিক্ষা, অর্থনীতি, সামাজিক সংহতি ও সুশাসন রাষ্ট্রের উন্নয়নের মূল ভিত্তি। মধ্যযুগের মুসলিম দার্শনিকরা শিক্ষা, নৈতিকতা, বিজ্ঞান, যুক্তিবাদ, সামাজিক সংহতি ও সুশাসনের ওপর গুরুত্ব দিয়ে সমাজ ও রাষ্ট্র উন্নয়নের একটি সুদৃঢ় ভিত্তি নির্মাণ করেন।
আধুনিক যুগে শিক্ষা শুধু জ্ঞান অর্জনের উপায় নয়; বরং গণতন্ত্র, মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার, অর্থনৈতিক উন্নয়ন এবং টেকসই রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রধান ভিত্তি হিসেবে বিবেচিত হয়েছে। আধুনিক দার্শনিক ও শিক্ষা চিন্তাবিদরা শিক্ষা, বিজ্ঞান, যুক্তিবাদ, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রকে উন্নত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। জন লক শিক্ষাকে মানব চরিত্র গঠনের প্রধান মাধ্যম হিসেবে দেখেছেন। শিক্ষিত জনগণই গণতান্ত্রিক রাষ্ট্রের শক্তিশালী ভিত্তি। রুশোর মতে, শিক্ষার মাধ্যমে বৈষম্যহীন ও মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। কান্ট মনে করতেন, শিক্ষা মানুষকে যুক্তিবাদী, নৈতিক ও দায়িত্বশীল করে তোলে।
তাই একটি উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনের জন্য মানসম্মত, অন্তর্ভুক্তিমূলক এবং জীবনমুখী শিক্ষাব্যবস্থা অপরিহার্য। আধুনিকোত্তর যুগে দার্শনিকরা সমাজ, রাষ্ট্র, শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান, ক্ষমতা ও মানবাধিকারের প্রচলিত ধারণাকে নতুনভাবে বিশ্লেষণ করেন। তাদের মতে, একটি উন্নত সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে বৈচিত্র্যের প্রতি সম্মান, সমালোচনামূলক চিন্তা, মানবাধিকার, অংশগ্রহণমূলক গণতন্ত্র এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অপরিহার্য। সামাজিক প্রপঞ্চের দিকগুলো আলোকপাত করলে আমরা লক্ষ্য করব, শিক্ষা একটি সমাজের উন্নয়নের প্রধান ভিত্তি। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি তার দেশের অভাবনীয় পরিবর্তনের কথা বলতে গিয়ে বলেন, শিক্ষা, শিক্ষা এবং শিক্ষাই আমার দেশের এই দ্রুত উন্নয়ন।
আমরা দেখছি শিক্ষা শুধু সাক্ষরতা অর্জনের মাধ্যম নয়, বরং নৈতিক, মানবিক, বৈজ্ঞানিক ও দক্ষ জনসম্পদ গঠনের প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। তাদের মতে, একটি উন্নত, বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য মানসম্মত শিক্ষা অপরিহার্য।
লেখক : ঊর্ধ্বতন বিশেষজ্ঞ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড
বাংলাদেশ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

