কোনো বিপ্লবই শুধু একটি ঘটনার নাম নয়; এ-এক দীর্ঘ প্রক্রিয়া—যেখানে রক্ত, ত্যাগ, আদর্শ এবং সংগ্রামের সমন্বয়ে গড়ে ওঠে নতুন এক সম্ভাবনার ভোর। ইতিহাস সাক্ষ্য দেয়—প্রত্যেক বিপ্লবের সূচনালগ্নে কিছু বীর থাকে, যারা নিঃস্বার্থভাবে নিজেদের সবকিছু বিসর্জন দিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। তারা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে ওঠে বৃহত্তর স্বার্থে লড়াই করেন। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, বিপ্লব-পরবর্তী সময়ে এই প্রকৃত ত্যাগী ও বীর যোদ্ধাদের একটি বড় অংশ ধীরে ধীরে পেছনে সরে যায়।
বিপ্লবের প্রকৃতি মূলত দ্বিমুখী—একদিকে এটি দৃশ্যমান ক্ষমতার পরিবর্তন, অন্যদিকে অদৃশ্য মূল্যবোধের পুনর্জন্ম। ইতিহাসের প্রতিটি বিপ্লব তাই শুধু শাসকের পতন নয়; বরং মানুষের চেতনার আঁতুড়ঘরে এক নব নির্মাণ। কিন্তু এই নির্মাণের ভেতরেই সুপ্ত থাকে এক অনিবার্য বিপরীত প্রক্রিয়া, যেখানে ত্যাগের বীজ থেকে জন্ম নেওয়া বৃক্ষের ফল শেষ পর্যন্ত ভোগ করে অন্য এক শ্রেণি।
প্রথম পর্বে থাকে ত্যাগ। সেখানে মানুষ নিজেকে অতিক্রম করে; ব্যক্তি বিলীন হয় সমষ্টিতে, স্বার্থ মিশে যায় সামগ্রিক-স্বপ্নে। এই মানুষগুলোই প্রকৃত যোদ্ধা। এরা ইতিহাসের পৃষ্ঠায় নাম লেখানোর জন্য নয়; বরং ইতিহাসকে একটি নৈতিক দিকনির্দেশনা দেওয়ার জন্য লড়াই করে। তাদের অস্তিত্ব নির্মোহ, তাদের অবস্থান নীরব, কিন্তু তাদের প্রভাব গভীর।
কিন্তু বিপ্লবের দ্বিতীয় পর্ব শুরু হয় তখনই, যখন উত্তাল তরঙ্গ স্তিমিত হয়। এই স্তিমিততার ভেতরেই ঘটে চরিত্রের পরিবর্তন। যোদ্ধারা ক্লান্ত হয়—কখনো অবহেলায়, কখনো নব্য ক্ষমতাশালীদের অপমানের ভারে, কখনো বা নিজের আদর্শকে অক্ষুণ্ণ রাখার দায়ে তারা সরে দাঁড়ায়। এই সরে দাঁড়ানোই বিপ্লবের প্রথম নীরব বিপর্যয়।
শূন্যস্থান কখনো দীর্ঘস্থায়ী হয় না। সেই শূন্যতা পূরণ করে এক ভিন্ন চরিত্রের মানুষ—উচ্ছিষ্টভোগী সুবিধাবাদী গোষ্ঠী। তারা বিপ্লবের অন্তর্গত নয়, কিন্তু বিপ্লবের ফলের ওপর তাদের প্রবল অধিকারবোধ। তারা ইতিহাসকে ধারণ করে না, বরং ইতিহাসের ভাষ্য নিয়ন্ত্রণ করে। সর্বস্তরে তাদের উপস্থিতি ও তাদের উচ্চারণে কৃতিত্ব স্থানান্তরিত হয়, তাদের কৌশলে বিপ্লবের কেন্দ্রবিন্দু পরিবর্তিত হয়।
এখানেই ‘ভালো’ ও ‘মন্দ’র এক জটিল দার্শনিক দ্বৈততা তৈরি হয়। ক্ষমতার বলয়ে ব্যক্তির স্তরে এটি উন্নতি, প্রভাব, প্রতিপত্তি, সম্পদ, সামাজিক মর্যাদা; কিন্তু সমষ্টির স্তরে এটি অবক্ষয়—নৈতিকতার ক্ষয়, রাষ্ট্রীয় দায়বদ্ধতার বিলোপ, জনস্বার্থের অবমূল্যায়ন। অর্থাৎ, সুযোগসন্ধানী ব্যক্তি বা ব্যক্তিসমষ্টির প্রাপ্তি যত বাড়ে, রাষ্ট্রের শূন্যতাও তত গভীর ক্ষতের সৃষ্টি হয়।
ক্ষমতা তখন আর কোনো নৈতিক দায়িত্বের প্রতীক থাকে না; বরং তা হয়ে ওঠে আত্মসাৎ ও অবৈধ আহরণের একটি অবিরাম প্রক্রিয়া। রাষ্ট্রের কাঠামো ক্রমেই রূপান্তরিত হয় ব্যক্তিস্বার্থের মাফিয়াযন্ত্রে। তখন সিদ্ধান্ত আর ন্যায়বোধ দ্বারা নিয়ন্ত্রিত হয় না, বরং নিয়ন্ত্রিত হয় সুবিধা ও সংশ্লিষ্টতার অদৃশ্য সমীকরণে। ফলে রাষ্ট্র হয়ে ওঠে একটি নীরব লুণ্ঠনের ক্ষেত্র, যেখানে জনগণ উপস্থিত থাকলেও প্রাসঙ্গিক থাকে না।
এই প্রক্রিয়াকে শুধু রাজনৈতিক বিচ্যুতি বলে ব্যাখ্যা করা যথেষ্ট নয়; এটি মূলত নৈতিক সংকট। যেখানে ত্যাগের স্বীকৃতি নেই, সেখানে ত্যাগ টেকে না; যেখানে নৈতিকতার পুরস্কার নেই, সেখানে নৈতিকতা বিলীন হয়। বিপ্লব তখন নিজস্ব চেতনা হারিয়ে ফেলে এবং শুধু একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে টিকে থাকে।
তবু ইতিহাসের এক অদ্ভুত স্থিতি আছে, সে কখনো সম্পূর্ণভাবে বিকৃতির কাছে আত্মসমর্পণ করে না। প্রান্তিক হয়ে যাওয়া সেই ত্যাগী মানুষগুলো, যারা একসময় কেন্দ্র ছিল, তারা হয়তো নীরবে থেকে যায় ‘সময় ও সত্যে’র প্রত্যাবর্তনের অপেক্ষায়। কারণ সত্যের একটি নিজস্ব গতি আছে; তা বিলম্বিত হতে পারে, কিন্তু বিলুপ্ত হয় না।
অতএব, বিপ্লবের প্রকৃত সাফল্য তার সূচনায় নয়, বরং তার ধারাবাহিকতায়। সেই ধারাবাহিকতা রক্ষা করা না গেলে, বিপ্লব পরিণত হয় উচ্ছিষ্টভোগীদের উৎসবে এবং রাষ্ট্র হারায় তার নৈতিক ভিত্তি। শেষ পর্যন্ত একটি জাতির ভবিষ্যৎ নির্ধারিত হয় কে ক্ষমতায় আছে তার দ্বারা নয়, বরং কেন তারা ক্ষমতায় আছে, তার দ্বারা।
লেখক : সাহিত্যিক
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


