নিখোঁজের দেড় মাস পর ডোবা থেকে উদ্ধার অটোচালকের লাশ

নিখোঁজের দেড় মাস পর ডোবা থেকে উদ্ধার অটোচালকের লাশ
ফাইল ছবি

কুমিল্লার মনোহরগঞ্জে প্রায় দেড় মাস ধরে নিখোঁজ এক অটোরিকশাচালকের লাশ ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বিনয়ঘর এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মৃত আরমান হোসেন নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় মাস আগে আরমান হোসেন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে তার মা নাঙ্গলকোট থানায় একটি জিডি করেন। নিখোঁজের প্রায় এক মাস পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মনোহরগঞ্জ উপজেলার মুন্সিরহাট এলাকার সেলিমের গ্যারেজ থেকে আরমানের অটোরিকশাটি উদ্ধার করে নাঙ্গলকোট থানার পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে শনিবার বিকেলে বিনয়ঘর উত্তরপাড়া এলাকায় কয়েক ব্যক্তি গাছ কেটে পানিতে ভাসিয়ে নেওয়ার সময় ডোবার পানিতে একটি পচাগলা মরদেহ ভাসতে দেখতে পান। বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে মনোহরগঞ্জ থানা, নাঙ্গলকোট থানা ও নাথেরপেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে মনোহরগঞ্জ ফায়ার সার্ভিসের সহযোগিতায় ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নাঙ্গলকোট থানার ওসি শাহিনুর ইসলাম জানান, প্রায় দেড় মাস আগে অটোরিকশাচালক আরমান হোসেন নিখোঁজ হওয়ার পর তার মায়ের জিডির পরিপ্রেক্ষিতে নাঙ্গলকোট থানার পুলিশ মনোহরগঞ্জ থেকে চালকবিহীন অটোরিকশাটি উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছিল। উদ্ধার হওয়া লাশটি প্রাথমিকভাবে আরমান হোসেনের বলেই ধারণা করা হচ্ছে। লাশটি সম্পূর্ণ পচে যাওয়ায় ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে।

মনোহরগঞ্জ থানার ওসি মাকসুদ আহমেদ জানান, খবর পেয়ে ডোবা থেকে গলিত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন