গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কে একদিনের ব্যবধানে দুটি হাতির মৃত্যুর পর প্রায় দুই বছর ধরে পার্কে থাকা ‘সম্রাট’ ও ‘নিহারকলি’ নামের আরো দুটি হাতিকে তাদের দেখভালকারীদের কাছে ফিরিয়ে দিয়েছে বন বিভাগ। গত ১২ আগস্ট হাতি দুটিকে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান।
বন বিভাগ ও পার্ক সূত্রে জানা গেছে, ৬ আগস্ট রাতে ব্যাকটেরিয়া-জনিত সংক্রমণে একটি পূর্ণবয়স্ক হাতির মৃত্যু হয়। পরদিন ৭ আগস্ট মারা যায় ‘রাজু বাহাদুর’। অন্য একটি হাতির আক্রমণে গুরুতর আহত হয়ে প্রায় আড়াই মাস চিকিৎসাধীন ছিল রাজু বাহাদুর। চিকিৎসার জন্য থাইল্যান্ড থেকেও বিশেষজ্ঞ আনা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর গোপালগঞ্জের কোটালিপাড়ায় মাহুত নজরুল ইসলামকে পিষে মারার ঘটনার পর ‘সম্রাট’কে উদ্ধার করে সাফারি পার্কে রাখা হয়। এর আগে একই বছরের ৩১ আগস্ট নারায়ণগঞ্জের ভুলতা থেকে ‘নিহারকলি’কে উদ্ধার করা হয়েছিল। হাতিটি দিয়ে অবৈধভাবে চাঁদা আদায় ও নির্যাতনের অভিযোগ ছিল।
প্রায় দুই বছর পার্কে থাকার পর গত ১২ আগস্ট তাদের দেখভালকারীদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
বন সংরক্ষক মো. ছানাউল্যা পাটওয়ারী জানান, ৩০০ টাকার স্ট্যাম্পে জিম্মানামা ও মুচলেকা নিয়ে হাতি দুটির দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। শর্ত দেওয়া হয়েছে—হাতি দুটিকে চাঁদা তোলার কাজে ব্যবহার করা যাবে না, নির্যাতন করা যাবে না এবং যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।
তবে সাফারি পার্কে দুটি হাতির মৃত্যুর সঙ্গে ‘সম্রাট’ ও ‘নিহারকলি’কে ফেরত দেওয়ার কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে বন বিভাগ। কর্মকর্তা ছানাউল্যা পাটওয়ারী বলেন, দেখভালকারীদের আগের আবেদনের পরিপ্রেক্ষিতেই যথাযথ নিয়ম মেনে হাতি দুটি ফেরত দেওয়া হয়েছে।
তবে একদিকে পরপর দুই হাতির মৃত্যু, অন্যদিকে কয়েক দিনের ব্যবধানে দুটি হাতিকে পার্ক থেকে ফিরিয়ে দেওয়ার ঘটনায় পার্কের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এসব প্রশ্নের উত্তর মিলতে অপেক্ষা করতে হবে মৃত হাতির নমুনা পরীক্ষার প্রতিবেদন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত ব্যাখ্যার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

