দেশের চলমান পরিস্থিতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রোববার মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের এ সংবাদ সম্মেলনের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দলটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ছাত্র রাজনীতি নিয়ে যে জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তা কিছু ছাত্রসংগঠনের আধিপত্য নীতি, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, দখলদারি, ট্যাগিং ও দোষ চাপিয়ে দেওয়ার হীন সংস্কৃতি চালুর ফলে শিক্ষার্থীদের মধ্যে রাজনীতি বিমুখতা তৈরি করছে এবং এতে শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে। নিষিদ্ধ ছাত্রলীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও দুর্ভাগ্যজনকভাবে বন্ধুপ্রতিম ছাত্রসংগঠন ছাত্রদলকে তাদের পথ অনুসরণ করতে দেখা যাচ্ছে।
ক্যাম্পাসে সব রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতা ও সহাবস্থান নিশ্চিত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব উল্লেখ করে জাহিদুল ইসলাম বলেন, আমরা লক্ষ করছি বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল, ছাত্রশিবিরসহ অন্যান্য ছাত্রসংগঠনকে অন্যায়ভাবে দমনের চেষ্টা করছে। শুধু তাই নয়, নিজেরা সন্ত্রাসী কায়দায় শিক্ষার্থীদের ওপর হামলা করে তার দায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রশিবিরের ওপর চাপিয়ে দিচ্ছে, যার প্রবক্তা ছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।
শিবির সভাপতি বলেন, কুয়েটের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রশিবিরের সম্পৃক্ততার মিথ্যা বক্তব্য দিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে ছাত্রদল। খুলনার শিববাড়ীতে তাদের মিছিল থেকে ‘একটা একটা শিবির ধরো, ধইরা ধইরা জবাই করো’ স্লোগান দেওয়া হয়। এমন ভয়ংকর, হিংস্র স্লোগান আমরা ছাত্রলীগের মুখে শুনতাম।
তামীরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থী ও ছাত্রশিবিরের ওয়ার্ড সভাপতি ফজলে রাব্বি সিফাতকে হত্যার উদ্দেশ্যে ছাত্রদলের সন্ত্রাসীরা কুপিয়ে জখম করেছে উল্লেখ করে তিনি বলেন, জোর করে নিজেদের পক্ষে স্বীকারোক্তি নিতে একাধিকবার ছাত্রদলকর্মীরা নির্যাতন করে তাকে। আসামিকে ছিনিয়ে নিয়ে ছাত্রশিবিরের বিরুদ্ধে বক্তব্য নিতে ছাত্রদলের নেতাকর্মীরা থানার সামনে মব তৈরি করার চেষ্টা করে। আমরা এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের কাছে দাবি পেশ করছি।
সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি ও কথিত যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানানো হয়। এ ছাড়া শিবির নেতৃবৃন্দ স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রশাসনকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আরো সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান।
এদিকে মধুর ক্যান্টিনের সামনে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।
এতে বলা হয়, শহীদ মধুদার হত্যাকাণ্ডের নৈতিক দায় জামায়াতে ইসলামী ও তাদের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসংঘ যা পরবর্তী সময়ে ইসলামী ছাত্রশিবির নামধারণ করে, তাদের নিতে হবে। স্বাধীনতাবিরোধী সংগঠন জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির কর্তৃক মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলন শহীদ মধুদার প্রতি এবং তার পরিবারের প্রতি অসম্মানজনক। অনুতাপ এবং বিবেকবোধ থেকেই ছাত্রশিবিরের মধুর ক্যান্টিনে আসা উচিত নয়।
ছাত্রদলের বিবৃতিতে বলা হয়, ইসলামী ছাত্রশিবির নানাভাবে মুক্তিযুদ্ধকে ভারতীয় ষড়যন্ত্র বলে বীর মুক্তিযোদ্ধাদের এবং বীর শহীদদের অবমাননা করছে। মধুর ক্যান্টিনে ছাত্রশিবির এর উপস্থিতি মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

