ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রোববার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ নিন্দা জানান।
ফেসবুক পোস্টে মিয়া গোলাম পরওয়ার বলেন, আজ রাত ৩টার পর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ এবং কেরোসিন ঢেলে অগ্নিসংযোগ করে।
তিনি বলেন, তাণ্ডব, অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড ও দেশবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে তারা সব সীমা অতিক্রম করছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিণতি কখনোই শুভ হবে না। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
জাতীয় নেতৃবৃন্দ, ছাত্রনেতৃবৃন্দ ও ডাকসু নেতৃবৃন্দের বাসাবাড়ি, স্থাপনা এবং আবাসস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা ও উদাসীনতারও নিন্দা জানান জামায়াতের এই নেতা।
তিনি আরো বলেন, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী দেশপ্রেমিক জনতার আন্দোলনের নেতৃবৃন্দকে লক্ষ্য করে যেভাবে হামলা ও নাশকতার চেষ্টা চলছে, তা প্রতিরোধে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসব নেতার ব্যক্তিগত নিরাপত্তা এবং তাদের বাসাবাড়ির সুরক্ষা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অন্যথায় সরকারের প্রতি জনগণের ক্ষোভ আরো বাড়বে।
পোস্টে মিয়া গোলাম পরওয়ার ডাকসুর ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


