জুলাই শিখিয়েছে কীভাবে ফ্যাসিবাদের কবর দিতে হয়: এ্যানি

জুলাই শিখিয়েছে কীভাবে ফ্যাসিবাদের কবর দিতে হয়: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, জুলাই আমাদের শিখিয়েছে কীভাবে ফ্যাসিবাদের কবর দিতে হয়। ৩৬ জুলাই (৫ আগস্ট) শিখিয়েছে কীভাবে শেখ হাসিনাকে বিদায় দিতে হয়। জুলাই আমাদের শিখিয়েছে কীভাবে আয়নাঘর ধ্বংস করতে হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) জাতীয় যুবশক্তির জাতীয় যুব সম্মেলনে এ কথা বলেন তিনি।

জুলাই আন্দোলনের সময় ডিবি অফিসে সারজিস-হাসনাতের সঙ্গে দেখা হওয়ার কথা উল্লেখ করে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, সেদিন তাদের শুধু একটা কথা বলেছিলাম, আমি যেদিন ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম শেখ হাসিনা আমাকে আটকে রাখতে পারেনি। আজও শেখ হাসিনা তোমাদের আটকে রাখতে পারবে না।

জাতীয় ঐকমত্যের বিকল্প নেই মন্তব্য করে তিনি বলেন, সেটি হতে হবে ইস্পাত কঠিন দৃঢ়। যাকে ভাঙা যাবে না, মচকানো যাবে না। লোভের ঊর্ধ্বে উঠে দেশের প্রয়োজনে আমরা এগিয়ে যেতে চাই।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, স্বাধীনতার আগে আমার জন্ম, আমি রক্ষীবাহিনীর অত্যাচার দেখেছি। আমি আওয়ামী লীগের দুর্নীতি, দুঃশাসন দেখেছি। আমি গুম-খুন দেখেছি। আমি দুর্ভিক্ষ দেখেছি, আমি ৭৫-এর ৭ নভেম্বরের বিপ্লব দেখেছি।

তিনি বলেন, জিয়াউর রহমান যখন স্বাধীনতার ডাক দেন তখন ১৯৭১ সাল, যখন শাহাদতবরণ করেন তখন ১৯৮১ সাল। এ ১০ বছরের মধ্যে মাত্র সাড়ে তিন বছর তিনি দেশ শাসন করেছেন। জনগণের বন্ধু হয়ে, তরুণদের নেতা হয়ে তিনি দেশ শাসন করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন