বিএনপির বিরুদ্ধে প্রতিহিংসা-অরাজকতার অভিযোগ ছাত্রীসংস্থার

বিএনপির বিরুদ্ধে প্রতিহিংসা-অরাজকতার অভিযোগ ছাত্রীসংস্থার

দেশজুড়ে বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, ভয়ভীতি, বাকস্বাধীনতা হরণ, রাজনৈতিক হয়রানি ও গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা। সংগঠনটি এসব ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা, ক্ষমতার অপব্যবহার ও অরাজকতার বহিঃপ্রকাশ বলে অভিযোগ করেছে।

রোববার এক বিবৃতিতে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় সভানেত্রী মুনজিয়া ও সেক্রেটারি জেনারেল ডা. নাহিয়ান ফাইরুজ নাজিফা এ প্রতিবাদ জানান।

বিজ্ঞাপন

বিবৃতিতে তারা বলেন, মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার, মামলা প্রত্যাহারে চাপ, ৬৫ বছর বয়সি এক বৃদ্ধাকে বাড়ি থেকে তুলে নিয়ে গ্রেপ্তার, ফেসবুক পোস্টের কারণে পুলিশি হয়রানি এবং রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার মতো ঘটনা দেশজুড়ে বিএনপির নেতাকর্মীদের বেপরোয়া কর্মকাণ্ড ও অরাজকতার উদ্বেগজনক চিত্র তুলে ধরছে।

তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসা, ক্ষমতার অপব্যবহার ও দমন-পীড়নের মাধ্যমে দেশের মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকারকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। বিমানবন্দরের ঘটনা থেকে শুরু করে সাধারণ নাগরিককে বাড়ি থেকে তুলে নিয়ে গ্রেপ্তার, বাকস্বাধীনতার হরণ এবং স্বাস্থ্যকেন্দ্রে হামলা—কোনোটিই বিচ্ছিন্ন ঘটনা নয়। এসব কর্মকাণ্ড রাজনৈতিক অরাজকতা ও প্রতিহিংসার বহিঃপ্রকাশ।

নেত্রীবৃন্দ বলেন, যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের প্রত্যাশায় মানুষ আন্দোলন করেছে, সেই একই প্রতিহিংসা ও অরাজকতার চর্চা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তারা আরও বলেন, এসব ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত, দায়ীদের জবাবদিহি এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করে রাজনৈতিক হয়রানি, প্রতিহিংসা ও অরাজকতার অবসানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন