১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্না, ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই আটক

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্না, ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই আটক
উপজেলা যুবলীগের সহসভাপতি সোহেল রানা পবন ও তার ভাই রুবেল মাহমুদ রতন আটক

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ১৫ আগস্ট ঘিরে গোপনে নেতাকর্মীদের সংগঠিত করে খিচুড়ি রান্নার অভিযোগে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি সোহেল রানা পবন এবং তার ভাই রুবেল মাহমুদ রতনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কুচিয়ামোড়া বাজারসংলগ্ন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের পাশ থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক সোহেল রানা পবন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের উপজেলা সহসভাপতি। তার ভাই রুবেল মাহমুদ রতন বাহাদুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি।

পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল রানা পবন ও রুবেল মাহমুদ রতন দীর্ঘদিন ধরে গোপনে দলীয় কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। ১৫ আগস্ট উপলক্ষে তারা দলীয় নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করছেন—এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালানো হয়।

পরে ভেড়ামারা থানা-পুলিশ ও কুচিয়ামোড়া ক্যাম্পের সদস্যরা বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের পাশে অভিযান চালিয়ে দুই ভাইকে আটক করে থানায় নিয়ে যান।

কুচিয়ামোড়া ক্যাম্পের ইনচার্জ আব্দুস সালাম বলেন, শুক্রবার রাতে ইউনিয়ন পরিষদের পাশে ১৫ আগস্ট উপলক্ষে সোহেল রানা পবন ও তার ভাই রতনের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা খিচুড়ি রান্না করছিলেন। সেখানে তারা সংগঠিত হচ্ছেন—এমন তথ্য পাওয়ার পর ভেড়ামারা থানা-পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে দুই ভাইকে আটক করা হয়।

ভেড়ামারা থানার ওসি মুহম্মদ জাহেদুর রহমান বলেন, তারা দুজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় নেতা ছিলেন। সংগঠিত হওয়ার খবর পেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন