দেশে চার-পাঁচ মাসের সার মজুত রয়েছে জানিয়ে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, সারের দাম বৃদ্ধির অভিযোগ সত্য নয়, একটি সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানোর চেষ্টা করা হচ্ছে। যারা সংকট তৈরি করছে, পুলিশ তাদের খুঁজছে।
মঙ্গলবার দুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ আগামী তিন বছরের মধ্যে আমদানিমুখী মসলা চাষে স্বনির্ভর হবে। বর্ষা মৌসুমে সবজির দাম বাড়ে, কারণ বর্ষায় কৃষকদের সবজি উৎপাদনে খরচ বাড়ে। সরকার চেষ্টা করছে বর্ষা মৌসুমে যেন সবজি উৎপাদনে কৃষকদের প্রণোদনা দেওয়া যায়।
এর আগে আলোচনা সভায় কৃষিমন্ত্রী বলেন, প্রতিবছর পেঁয়াজ আমদানি করতে হতো। এ বছর এখন পর্যন্ত কোনো পেঁয়াজ আমদানি করতে হয়নি। আশা করি আগামীতেও আমদানি করতে হবে না, বরং পেঁয়াজ রপ্তানি করতে পারব। প্রতি বছর ১ লাখ টন আদা আমদানি করি। চেষ্টা করছি দুই বছরের মধ্যে পেঁয়াজ, মরিচ ও টমেটো আমদানি করতে হবে না। আগামী দিনে কৃষিপণ্য হবে প্রধান রপ্তানিযোগ্য পণ্য।
কৃষিমন্ত্রী দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, মানুষের ভালোবাসার জন্য কাজ করুন। মানুষের ভালোবাসার কোনো বিকল্প নেই। জনগণের কাছে ফিরে যেতেই হবে। মঞ্চে দাঁড়িয়ে বলি, আমরা জনগণের জন্য রাজনীতি করি। মুখের কথা, অন্তরের কথা ও মাথার চিন্তা যেন এক হয়।
আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি।
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবুর সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক হাজী মোস্তাক মিয়া ও কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

