গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মঙ্গলবার সকালে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের শিয়ালগাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তারা হলেন—গোবিন্দগঞ্জ উপজেলার পাঁচগাছি গ্রামের নজরুল ইসলামের ছেলে লিমন মিয়া (২৭) এবং চাঁদপাড়ার শাহীন মিয়ার ছেলে রুবেল মিয়া (২৮)।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের শিয়ালগাড়া এলাকায় বেপরোয়া গতির দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকরা সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাদের মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, সকালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত হন। বগুড়া শজিমেক হাসপাতালে তাদের মৃত্যু হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

