দেশজুড়ে গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটের প্রতিবাদে রাজধানীতে মোমবাতি মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
শুক্রবার সন্ধ্যায় উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার সামনে থেকে ঢাকা মহানগর উত্তরের বাড্ডা অঞ্চল জামায়াত আয়োজিত মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মধ্য বাড্ডায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন মহানগর উত্তরের আমির ও ডিএনসিসি মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
মিছিল পূর্ব সমাবেশে সেলিম উদ্দিন বলেন, গ্যাস-বিদ্যুৎ সংকট কোনো যুদ্ধের কারণে নয়, বরং সরকারের অব্যবস্থাপনার কারণে সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, ঘরে আলো নেই, মানুষের একমাত্র সম্বল এখন মোমবাতি।
তিনি বলেন, যুদ্ধের দোহাই দিয়ে সরকার পার পাবে না। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব যাদের দেওয়া হয়েছে, তারা অতীতেও ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি। অবিলম্বে গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাস বিলের ‘হিডেন চার্জ’ বন্ধের দাবি জানান সেলিম উদ্দিন।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে সংকটের সমাধান করা না হলে জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে সেলিম উদ্দিন দাবি করেন, গত কয়েক সপ্তাহ ধরে দেশে যে বিদ্যুৎ সংকট চলছে, তা কোনো সাধারণ সমস্যা নয়।
ভারতের সঙ্গে বিদ্যুৎ করিডোরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, যখন নিজের দেশের মানুষ অন্ধকারে, তখন এই সিদ্ধান্ত কোনো অবস্থাতেই মেনে নেবে না সাধারণ মানুষ।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী গণমুখী রাজনীতিতে বিশ্বাস করে। ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন আর সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
মিছিলে অংশ নেন, জামায়াত ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা, মহানগরীর মজলিসে শূরা সদস্য কুতুবউদ্দিন, মিজানুর রহমান, অ্যাডভোকেট রেজাউল করিমসহ স্থানীয় নেতাকর্মীরা।
মিছিল শেষে মোহাম্মদ সেলিম উদ্দিন আরো বলেন, আজকের এই মোমবাতি শুধু প্রতিবাদ নয়, এটা একটা বার্তা। অন্ধকার যতই গভীর হোক, জনগণের কণ্ঠস্বর নিভে যাবে না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


