বাংলাদেশ জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপিও আওয়ামী লীগের মতো জনরায়কে ভয় পায়। তাই স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে দলীয় লোকজনকে চেয়ারে বসাচ্ছে। এর পরিণতি শুভ হবে না। স্থানীয় সরকারের প্রতিষ্ঠানসমূহে দলীয় নিয়োগের মাধ্যমে বিএনপি নিজেদের পায়ে কুড়াল মারছে।
বিএনপির উদ্দেশে তিনি বলেন, ৫ আগস্ট থেকে শিক্ষা নিন। রাজনীতিতে আর নতুন সংকট যেন তৈরি না হয়। জনগণের অভিপ্রায় বাস্তবায়ন করুন। বিরোধীদল হিসেবে আপনাদের পাশে থাকব।
শুক্রবার সকালে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা অঞ্চল জামায়াতে ইসলামীর উপজেলা-থানা আমির ও সেক্রেটারিদের নিয়ে শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপির সভাপতিত্বে আলোচনা করেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এমপি। শিক্ষা শিবিরে বক্তৃতা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান এমপি, মাস্টার শফিকুল আলম। দারসুল কুরআন পেশ করেন মুহাদ্দিস রবিউল বাশার।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেমন ভোট হয়েছে জনগণের কাছে তা স্পষ্ট। জনরায়কে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ছিনিয়ে নেয়া হয়েছে। এরপরও দেশের শান্তি-শৃঙ্খলার স্বার্থে কষ্ট চাপা দিয়ে ফলাফল মেনে নিয়েছে জামায়াত। তার মানে এই নয় আমরা অন্যায়, অসত্য, অনিয়মকে মেনে নেব।
তিনি বলেন, গেল জাতীয় নির্বাচনে এক্সট্রা অর্ডিনারি ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। আমরা আল্লাহর দরবারে মামলা করে দিয়েছি। ফায়সালা আল্লাহই করবেন।’ দলীয় নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘পাঁচ বছর ভেজাল ধরার ইলম অর্জন করতে হবে। সামনে স্থানীয় সরকার নির্বাচন। এই লড়াইয়ে আমাদের জিততে হবে।
বক্তৃতায় মিয়া গোলাম পরওয়ার সংসদের অধিবেশনে “জুলাই সনদ” নিয়ে আলোচনা ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, পার্লামেন্টে একটি সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পথ তৈরি করতে হবে। জাতিকে সংকটে ফেলে রাজপথে আন্দোলনের দিকে ঠেলে দেওয়া উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, জুলাই সনদকে কোনো আদালতে চ্যালেঞ্জ করা যাবে না মর্মে বিএনপি স্বাক্ষর করেছিল। কিন্তু তারা বর্তমানে ১৮০ ডিগ্রি ব্যাক করেছে। জুলাই সনদ কী, বাড়ির কাজের মেয়েরাও বোঝে। শুধু বিএনপি বোঝে না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

