জনগণের যেকোনো সমস্যায় জামায়াতে ইসলামী পাশে থাকবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় নির্বাচনে জনগণ জামায়াতের প্রতি যে আস্থা রেখেছে, তার মর্যাদা রক্ষা করা হবে।
গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকা মহানগরী উত্তরের কার্যালয়ে হাতিরঝিল পশ্চিম থানার দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। থানা আমির নুরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন ও আতাউর রহমান সরকার।
সেলিম উদ্দিন বলেন, স্বৈরাচারের দোসররা ভাবছে, দেশে নৈরাজ্য ও সন্ত্রাস চালিয়ে তারা পার পেয়ে যাবে। কিন্তু তাদের এ ধারণা ভুল, কারণ দেশের মানুষ আর কখনো ফ্যাসিবাদী শাসন মেনে নেবে না। জুলাইয়ের চেতনা ধারণ করে জনগণকে ঐক্যবদ্ধ করে পতিত স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই চলবে।
তিনি বলেন, দেশ রক্ষার দায়িত্ব আমাদেরই। কোনো অপশক্তিকে আর মাথাচাড়া দিতে দেওয়া হবে না। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকা রাখা হবে।
নাগরিক সমস্যা সমাধানে নিজেদের কাজের কথা তুলে ধরে তিনি বলেন, কেবল কথায় নয়, কাজের মাধ্যমেই ঢাকাকে বদলে দিতে চান তারা। জাতীয় নির্বাচনে পাওয়া জনগণের আস্থা ও সমর্থনকে সামনে রেখেই নাগরিক কল্যাণে কার্যক্রম চলবে।
এ সময় তিনি ‘সার্ভিস নিন’ অ্যাপের মাধ্যমে নগরবাসীর প্রয়োজনীয় সেবা সহজলভ্য করার পরিকল্পনার কথা জানান এবং অ্যাপটির সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের সক্রিয় হওয়ার আহ্বান জানান। প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে নাগরিক ভোগান্তি কমিয়ে একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব নগরী গড়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে সেলিম উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ভূমিকা মানুষকে উৎকণ্ঠায় ফেলছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা নিতে হবে।
তিনি আরো বলেন, গণভোটে জনগণের দেওয়া রায় অবিলম্বে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া চলমান সংকট মোকাবিলা সম্ভব নয়; গণরায়ের প্রতি সম্মান দেখিয়ে সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই সংকট উত্তরণের পথ তৈরি হতে পারে।
সমাবেশে আগামী ১৫ ডিসেম্বর মগবাজারে অনুষ্ঠেয় নাগরিক সমাবেশ সফল করা, গণসংযোগ বাড়ানো এবং নগরবাসীর বিভিন্ন সমস্যা সমাধানে করণীয়সহ সাংগঠনিক নানা বিষয়ে আলোচনা হয়।
এদিকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে আদাবর থানা আমির মো. আল আমীন সবুজের সভাপতিত্বে ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ সেলিম উদ্দিন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


