ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্থানীয় জনতার সহায়তায় ৭৬ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কুড়ারপাড় এলাকার এলটিবি ইটভাটার পাশে একটি নির্জন স্থান থেকে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক ব্যক্তিরা হলেন ওই ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. শামিম মিয়া (৩২) ও আজিম উদ্দিনের ছেলে মো. মেহেদী হাসান (১৯)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কুড়ারপাড় এলাকার একটি ইটভাটাসংলগ্ন নির্জন জায়গায় মাদককারবারি শামীম ও মেহেদী মাদক বিক্রি ও সেবনের প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও এসআই আল আমিনের নেতৃত্বে স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্যদের সহায়তায় অভিযান চালানো হয়। এ সময় ৭৬ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রি ও পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ তাদের আটক করে পুলিশ।

এ সময় স্থানীয় এক ব্যক্তিকে কামড় দিয়ে পালিয়ে যান শামিম মিয়া। পালানোর সময় পায়ে আঘাত পান ওই মাদককারবারি। পরে তাকে গ্রেপ্তারের জন্য হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে খুঁজতে থাকে পুলিশ।

অবশেষে ভূরুঙ্গামারী হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় তাকে সেখান থেকে আটক করা হয়।

এ বিষয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন বলেন, ওই দুই মাদককারবারি পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত। তারা পরিবহন শ্রমিকের ছদ্মবেশে মূলত ইয়াবা ট্যাবলেট বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়া চলমান। মাদককারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন