জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশের ২৪-এর গণঅভ্যুত্থানের তাৎপর্য ধ্বংস করা হচ্ছে। তিনি বলেন, সংসদে যদি সংস্কার বাস্তবায়ন না হয়, তা মাঠে বাস্তবায়িত হবে। রাজনৈতিকভাবে এই সিদ্ধান্ত হবে। সংস্কার এবং বিচার অপরিহার্য।
বৃহস্পতিবার স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে তিনি একথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গতকাল শহীদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে। এখনো জুলাই হত্যাকাণ্ডের বিচার হয়নি। শহীদ পরিবার ও আহতদের ন্যায় বিচার আমরা দিতে পারিনি। এমতাবস্থায় ‘জয় বাংলা’ স্লোগান সরকারের তত্ত্বাবধানে উচ্চারিত হওয়া আমাদের সন্দেহ বাড়াচ্ছে যে নির্বাচন ভারতের সঙ্গে কিছু ধরনের সমঝোতার মাধ্যমে হয়েছে। আমরা সরকারকে আহ্বান জানাবো, এই প্রক্রিয়া থেকে সরে আসার জন্য।
তিনি আরো বলেন, আমরা সরকারের ফাঁদে পা দেব না। সরকার দায়িত্ব নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে যারা ‘জয় বাংলা’ সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে কাজ করছে, তাদের নিয়ন্ত্রণে আনবে। আওয়ামী লীগের সাথে যে সমঝোতা হয়েছে, তা দেশের স্বার্থে হোক।
পাটওয়ারী বলেন, সরকারকে আহ্বান জানাচ্ছি, আওয়ামী লীগের বিচার এবং সংস্কার—এই দুটি বিষয় বাস্তবায়ন করতে হবে। যদি তা না হয়, আমাদের আবার মাঠে নামতে হবে। মানুষ এখনো প্রস্তুত। শুধু একটি সঙ্কেতের অপেক্ষা।
তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে। বিরোধী দলের সংসদে বক্তব্য রাখা সত্ত্বেও সরকারের মনোযোগ নেই। ভারতীয় চুক্তির বিষয়েও তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাই আমাদের রাজপথে নামার কোনো বিকল্প নেই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

