জুলাই অভ্যুত্থান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৬০ জন শিক্ষার্থী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টায় জাতীয় যুবশক্তির কনভেনশনে এই যোগদান অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার কেন্দ্রীয় মুখ্য সংগঠক ওমর ফারুক যুবরাজের নেতৃত্বে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জুলাই আন্দোলনের আহ্বায়ক, সদস্যসচিব ও অন্য নেতৃত্বদানকারী শিক্ষার্থীরা একযোগে এনসিপিতে যোগ দেন।
অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল, সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল এবং সাংগঠনিক সম্পাদক রিফাত নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে স্বাগত জানান।
এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আক্তার হোসেন, নুসরাত তাবাসসুম, হান্নান মাসুদ, গাজী সালাহউদ্দিন তানভির, মাহিন সরকার, নাসীরউদ্দীন পাটোয়ারীসহ অন্য নেতারা।
যোগদানকারী শিক্ষার্থীদের পক্ষে ওমর ফারুক যুবরাজ, রবিউল আলম আকামিন, বাদশা, তাজরিয়ান মাহমুদ এবং মাহমুদ হাসান তুহিন বক্তব্য দেন। তাদের ভাষ্য, জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে তারা এনসিপির মাধ্যমে নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেছেন।
গণমাধ্যমে পাঠানো এক প্রেস রিলিজে দাবি করা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠিত করা, জুলাই আন্দোলনে নেতৃত্ব প্রদান এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ওমর ফারুক যুবরাজ। তার নেতৃত্বেই বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের নেতারা এনসিপিতে যোগদান করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

