ফেক আইডিতে পুলিশ কমিশনারকে হানি ট্র্যাপ, সংবাদ সম্মেলন করবেন সানজিদা

ফেক আইডিতে পুলিশ কমিশনারকে হানি ট্র্যাপ, সংবাদ সম্মেলন করবেন সানজিদা
সানজিদা ইসলাম সায়মা

নিজের ছবি ও পরিচয়ে খোলা ভুয়া (ফেক) ফেসবুক অ্যাকাউন্ট সংক্রান্ত জটিলতা নিয়ে শিগগিরই সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছেন সানজিদা ইসলাম সায়মা। তার ছবি ব্যবহার করে চট্টগ্রামের সাবেক পুলিশ কমিশনার হাসিব আজিজের সাথে যোগাযোগ করা এবং তাকে ‘হানি ট্র্যাপে’ ফেলার অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি বিস্তারিত তথ্য তুলে ধরবেন।

বিজ্ঞাপন

শনিবার বিকেল চারটার দিকে আমার দেশকে সানজিদা ইসলাম সায়মা বলেন, আপনাদের প্রতিবেদনটি আমার নজরে এসেছে। আমার ছবি ও পরিচয় ব্যবহার করে ওই প্রতারক যা করেছে, তা শুধু সম্মানহানি নয়, অত্যন্ত গর্হিত কাজ। আমি এ বিষয়ে ২০২৫ সালে পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলাম। কিন্তু এখন পর্যন্ত কোনো অগ্রগতি জানতে পারিনি।

সানজিদার দাবি, তার নামে খোলা ফেক আইডি ব্যবহার করে কীভাবে সাবেক পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তা তিনি আগে জানতেন না। আমার দেশ’র অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি সম্পর্কে তিনি বিস্তারিত জানতে পারেন।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, কেউ অন্যায় করে পার পাবে না। ওসি ও প্রতারকের বিষয়ে আমরা অবগত আছি। তদন্ত চলছে।

পুলিশ কমিশনারের এই বক্তব্যের আগে অভিযুক্ত জোবাইরুল হক জিয়ানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে অনুসন্ধান শুরু হয়। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর পরিচয় ব্যবহার, ব্যক্তিগত সম্পর্ক তৈরি এবং পরে সেই যোগাযোগকে ব্যবহার করে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।

এদিকে জোবাইরুল হক জিয়ানকে গ্রেপ্তার করতে সম্প্রতি তার গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকায় অভিযান চালায় জেলা পুলিশের একটি দল।

চট্টগ্রাম জেলার এসপি মাসুদ আলম আমার দেশকে বলেন, জিয়ানকে গ্রেপ্তারের জন্য একজন অতিরিক্ত পুলিশ সুপারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন