হজ পালনে কর্মীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি আরব

আমার দেশ অনলাইন

হজ পালনে কর্মীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি আরব
ছবি: সংগৃহীত

সৌদি আরবে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের জন্য সুখবর এনেছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। নতুন ঘোষণায় বলা হয়েছে, হজ পালনের উদ্দেশ্যে কর্মীরা সর্বোচ্চ ১৫ দিনের বেতনসহ ছুটি পাওয়ার অধিকারী হবেন। এই সুবিধাটি সৌদি শ্রম আইন ও কর্মীদের অধিকার সুরক্ষার অংশ হিসেবে চালু করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কর্মীরা টানা ১০ থেকে ১৫ দিনের এই ছুটি উপভোগ করতে পারবেন, যার মধ্যে ঈদুল আজহার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে। তবে এই সুবিধা পেতে হলে সংশ্লিষ্ট কর্মীকে একই প্রতিষ্ঠানে অন্তত দুই বছর ধারাবাহিকভাবে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

এছাড়া উল্লেখ করা হয়েছে, একজন কর্মী তার পুরো চাকরি জীবনে কেবল একবারই এই বিশেষ ছুটি নিতে পারবেন। শর্ত হিসেবে আরও বলা হয়েছে, যারা আগে কখনো হজ পালন করেননি, শুধুমাত্র তারাই এই সুযোগ পাবেন।

অন্যদিকে, প্রতিষ্ঠানের কাজের ধরন ও প্রয়োজন বিবেচনায় নিয়োগকর্তারা নির্ধারণ করবেন প্রতি বছর কতজন কর্মী এই ছুটির আওতায় হজে যেতে পারবেন। অর্থাৎ, প্রতিষ্ঠানের কার্যক্রম যেন ব্যাহত না হয়, সেদিকটি বিবেচনায় রেখে ছুটির সংখ্যা নির্ধারণ করা হবে।

মন্ত্রণালয়ের মতে, এই উদ্যোগের ফলে সৌদিতে কর্মরত মুসলিম কর্মীদের জন্য ধর্মীয় দায়িত্ব পালন সহজতর হবে এবং একই সঙ্গে তাদের শ্রম অধিকারও আরও সুসংহত হবে।

সূত্র: গালফ নিউজ

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন