ঈদুল আজহা মুসলিম উম্মাহর অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ উৎসবের কেন্দ্রবিন্দু হলো কোরবানি, যা শুধু পশু জবাইয়ের নাম নয়; বরং এটি আল্লাহর প্রতি আনুগত্য, আত্মত্যাগ, তাকওয়া এবং মানবিকতার এক মহান শিক্ষা। প্রতিবছর জিলহজ মাসের নির্ধারিত দিনগুলোয় বিশ্বের কোটি কোটি মুসলমান মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কোরবানি করেন। কিন্তু প্রশ্ন হলো, কোরবানি শেষ হওয়ার পর আমাদের জীবনে এর প্রভাব কতটুকু থাকে? কোরবানির প্রকৃত শিক্ষা কি শুধু কয়েক দিনের আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকে, নাকি তা আমাদের সারা জীবনের পথচলাকে প্রভাবিত করে? পবিত্র কোরআনে আল্লাহতায়ালা ইরশাদ করেন, ‘আল্লাহর কাছে পৌঁছে না তাদের গোশত এবং রক্ত; বরং পৌঁছে তোমাদের তাকওয়া।’ (সুরা হজ : ৩৭)
এই আয়াত স্পষ্ট করে দেয় যে, কোরবানির মূল উদ্দেশ্য পশুর রক্ত প্রবাহিত করা নয়; বরং মানুষের অন্তরে আল্লাহভীতি, আত্মশুদ্ধি এবং তাঁর নির্দেশের প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের গুণ সৃষ্টি করা। কোরবানির ইতিহাস আমাদের নিয়ে যায় ইবরাহিম (আ.) ও তাঁর পুত্র ইসমাইল (আ.)-এর সেই অনন্য আত্মত্যাগের ঘটনায়। আল্লাহর নির্দেশের সামনে তাঁরা নিজেদের সবচেয়ে প্রিয় জিনিসকেও উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন। এ ঘটনা শুধু অতীতের একটি স্মৃতি নয়; বরং প্রতিটি মুমিনের জন্য এক চিরন্তন শিক্ষা। আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রবৃত্তি, স্বার্থ, লোভ এবং অবাধ্যতাকে কোরবানি করার মানসিকতা গড়ে তোলাই কোরবানির প্রকৃত লক্ষ্য।
দুঃখজনক হলেও সত্য, অনেক সময় আমরা কোরবানিকে একটি সামাজিক বা পারিবারিক আয়োজন হিসেবে দেখি। পশু কেনা, জবাই করা, গোশত বণ্টন করা এবং আত্মীয়স্বজনকে দাওয়াত দেওয়ার মধ্যেই যেন আমাদের দায়িত্ব শেষ হয়ে যায়। অথচ কোরবানির প্রকৃত শিক্ষা হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর আদেশকে অগ্রাধিকার দেওয়া। যদি কোরবানির পরও আমাদের জীবনে মিথ্যা, প্রতারণা, অন্যায়, হিংসা, অহংকার এবং অবাধ্যতা থেকে যায়, তাহলে কোরবানির চেতনা আমাদের অন্তরে যথাযথভাবে প্রতিফলিত হয়েছে বলা কঠিন।
কোরবানি আমাদের ত্যাগের শিক্ষা দেয়। এই ত্যাগ শুধু অর্থ ব্যয় করার মধ্যে সীমাবদ্ধ নয়। কখনো কখনো সত্যের পক্ষে দাঁড়ানোর জন্য নিজের স্বার্থ ত্যাগ করতে হয়। কখনো অন্যের কল্যাণে নিজের আরাম-আয়েশ বিসর্জন দিতে হয়। কখনো আল্লাহর সন্তুষ্টির জন্য হারাম উপার্জনের সুযোগ ছেড়ে দিতে হয়। কোরবানির পর একজন মুসলমানের জীবনে এই ত্যাগের মানসিকতা আরো শক্তিশালী হওয়ার কথা। এছাড়া কোরবানি আমাদের ভ্রাতৃত্ববোধ ও সামাজিক দায়িত্বের শিক্ষা দেয়। কোরবানির গোশত আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং দরিদ্র মানুষের মধ্যে বণ্টনের মাধ্যমে সমাজে ভালোবাসা ও সহমর্মিতার বন্ধন দৃঢ় হয়। কিন্তু বছরের বাকি সময়েও কি আমরা অসহায় মানুষের খোঁজ রাখি? কোরবানির প্রকৃত শিক্ষা হলো সারাবছর মানুষের পাশে দাঁড়ানো। ক্ষুধার্তকে খাবার দেওয়া, অসুস্থের খোঁজ নেওয়া, বিপদগ্রস্তের সহযোগিতা করা এবং সমাজের দুর্বল মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া একজন মুমিনের অন্যতম বৈশিষ্ট্য।
কোরবানি আমাদের অহংকার থেকে মুক্ত হওয়ারও শিক্ষা দেয়। মানুষ যখন একটি পশু আল্লাহর নামে কোরবানি করে, তখন সেই উপলব্ধি করে যে তার ধন-সম্পদ, সামর্থ্য এবং জীবনের সবকিছুই মূলত আল্লাহর দান। তাই সম্পদ নিয়ে গর্ব করার কোনো সুযোগ নেই। কোরবানির পর একজন মুসলমানের উচিত বিনয়ী হওয়া এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বৃদ্ধি করা।
একই সঙ্গে কোরবানি আত্মসংযমের শিক্ষা দেয়। মানুষের নফস বা প্রবৃত্তি সবসময় তাকে নিজের ইচ্ছার অনুসরণ করতে উৎসাহিত করে। কিন্তু কোরবানির শিক্ষা হলো আল্লাহর আদেশের সামনে নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা। যে ব্যক্তি কোরবানির মাধ্যমে ত্যাগের চর্চা করে, তার জন্য হারাম থেকে বেঁচে থাকা, অন্যায় থেকে দূরে থাকা এবং নৈতিক জীবনযাপন করা সহজ হয়। আজকের সমাজে নানা ধরনের নৈতিক অবক্ষয়, স্বার্থপরতা ও ভোগবাদ আমাদের চারপাশকে গ্রাস করছে। মানুষ ক্রমেই আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে। এমন বাস্তবতায় কোরবানির শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক।
কোরবানি আমাদের শেখায়, জীবনের উদ্দেশ্য শুধু ভোগ নয়; বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন। মানুষ যত বেশি ত্যাগ করতে শিখবে, তত বেশি সে মানবিক, উদার ও আল্লাহভীরু হয়ে উঠবে। কোরবানির পর আমাদের উচিত আত্মসমালোচনার মাধ্যমে নিজেদের মূল্যায়ন করা। আমরা কি সত্যিই আল্লাহর প্রতি আনুগত্যশীল হতে পেরেছি? আমাদের নামাজ, রোজা, সততা, আমানতদারি এবং পারিবারিক ও সামাজিক আচরণে কি কোরবানির প্রভাব পড়েছে? যদি না পড়ে, তবে কোরবানির প্রকৃত উদ্দেশ্য অর্জনে আমাদের আরো সচেষ্ট হতে হবে।
বিশেষ করে, তরুণ প্রজন্মের জন্য কোরবানির শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের যুবসমাজ নানা প্রলোভন ও চ্যালেঞ্জের মুখোমুখি। তাদের সামনে কোরবানির চেতনা তুলে ধরতে হবে, যাতে তারা আত্মনিয়ন্ত্রণ, নৈতিকতা এবং আল্লাহভীতির গুণে সমৃদ্ধ হতে পারে। একটি আদর্শ সমাজ গঠনের জন্য এ মূল্যবোধের বিকল্প নেই। পরিবারেও কোরবানির শিক্ষা চর্চা করা প্রয়োজন। সন্তানদের শুধু পশু জবাই দেখালেই হবে না; বরং তাদের বোঝাতে হবে যে কোরবানি মানে আল্লাহর জন্য ত্যাগ করা। তাদের মধ্যে দানশীলতা, সহমর্মিতা ও মানবিকতা গড়ে তুলতে হবে। তাহলেই কোরবানির প্রকৃত চেতনা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে সঞ্চারিত হবে।
কোরবানি-পরবর্তী জীবনের সবচেয়ে বড় আহ্বান হলো—আমরা যেন শুধু একটি পশু কোরবানি করেই থেমে না যাই; বরং নিজেদের ভেতরের অহংকার, হিংসা, লোভ, স্বার্থপরতা এবং পাপপ্রবণতাকেও কোরবানি করার চেষ্টা করি। কারণ আল্লাহতায়ালা মানুষের বাহ্যিক রূপ বা সম্পদের দিকে নয়, বরং তার অন্তরের তাকওয়া ও আন্তরিকতার দিকে দৃষ্টি দেন।
পরিশেষে মনে রাখতে হবে, কোরবানি কোনো একদিনের অনুষ্ঠান নয়; এটি একটি চলমান শিক্ষা। ঈদুল আজহার কয়েকটি দিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে কোরবানির ত্যাগ, তাকওয়া, আনুগত্য ও মানবিকতার চেতনাকে সারা বছরের জীবনে ধারণ করাই একজন মুমিনের প্রকৃত কর্তব্য। আমাদের ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে যদি কোরবানির শিক্ষা প্রতিফলিত হয়, তবে শুধু আমাদের জীবনই নয়, পুরো সমাজও শান্তি, সৌহার্দ্য ও নৈতিকতায় সমৃদ্ধ হয়ে উঠবে।
লেখক : শিক্ষক, মাদরাসাতুদ দাওয়াহ আশ-শরইয়্যাহ, নারায়ণগঞ্জ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


অপরাধীর বিচার নিশ্চিতে ইসলামের আদর্শ