ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দুর্দান্ত ফর্মটা ধরে রাখল আফগানিস্তান। শারজাহতে টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৩৭ রানের ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আফগানরা। দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স প্রদর্শনের সুবাদে ম্যাচসেরার পুরস্কার উঠেছে আফগান অধিনায়ক রশিদ খানের হাতে।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বেশ বিপাকে পড়েছিল আফগানিস্তান। প্রতিপক্ষের নিয়ন্ত্রিত বোলিং ও পাওয়ার প্লের ভেতরে দ্রুত উইকেট পতনে চাপে পড়ে যায় দলটি। তবে মিডল ও লোয়ার অর্ডারের ব্যাটারদের দৃঢ়তায় সেই চাপ কাটিয়ে ওঠে তারা। দলের পক্ষে সবচেয়ে আক্রমণাত্মক ইনিংসটি খেলেন তরুণ ব্যাটার আইজাজ আহমেদজাই। মাত্র ২২ বলের মুখোমুখি হয়ে ৪টি চার ও সমসংখ্যক ছক্কায় তিনি ৫২ রানের একটি বিস্ফোরক ও ঝড়ো ইনিংস উপহার দেন। এছাড়া অধিনায়ক রশিদ খান ব্যাট হাতে দায়িত্বশীল ভূমিকা পালন করে ৩০ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। সবমিলিয়ে নির্ধারিত ওভারের এক বল বাকি থাকতে ১৭৭ রানে অলআউট হয় আফগানিস্তান। জিম্বাবুয়ের বোলিং আক্রমণভাগে সবচেয়ে সফল বোলার ছিলেন নুম্যান ন্যামহুরি, যিনি ৩১ রান খরচ করে একাই শিকার করেন ৪টি উইকেট।
জবাবে ১৭৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আফগান বোলারদের তোপের মুখে পড়ে জিম্বাবুয়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় ম্যাচ থেকে ছিটকে পড়তে বেশি সময় লাগেনি তাদের। আফগানিস্তানের নিখুঁত পেস ও স্পিন আক্রমণের সামনে জিম্বাবুয়ের ব্যাটাররা উইকেটে থিতু হতে ব্যর্থ হন। ইনিংসের ১৯.১ ওভারে মাত্র ১৪০ রান সংগ্রহ করতেই গুটিয়ে যায় জিম্বাবুয়েকে। দলের পরাজয় ব্যবধান কমানোর জন্য কেউ বড় কোনো জুটি গড়তে পারেননি। রায়ান বার্ল ব্যক্তিগত সর্বোচ্চ ৩২ আর ইনোসেন্ট কাইয়া দলীয় স্কোরের যোগ করেন ২৪ রান।
আফগানিস্তানের বোলিং ইনিংসে দ্যুতি ছড়িয়েছেন ফজলহক ফারুকী ও অধিনায়ক রশিদ খান নিজে। দুর্দান্ত বোলিং করে ফারুকী মাত্র ১৩ রান খরচ করে তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। অন্যদিকে, লেগ স্পিনে প্রতিপক্ষের ব্যাটারদের বিভ্রান্ত করে ৪ ওভারে মাত্র ২০ রান খরচ করে আরও ২টি উইকেট শিকার করেন রশিদ। ব্যাট ও বল হাতে দলের জয়ে অনবদ্য ভূমিকা রাখায় ম্যাচসেরার খেতাব জেতেন এই তারকা অলরাউন্ডার। এই জয়ে সিরিজ জয়ের পথে এক ধাপ এগিয়ে গেল আফগানিস্তান।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান: ১৭৭/১০, ১৯.৫ ওভার (আইজাজ ৫২, রশিদ ৩০; নুম্যান ৪/৩১)।
জিম্বাবুয়ে: ১৪০/১০, ১৯.১ ওভার (বার্ল ৩২, কাইয় ২৪; ফারুকী ৩/১৩, রশিদ ২/২০)ষ
ফল: আফগানিস্তান ৩৭ রানে জয়ী।
ম্যাচসেরা: রশিদ খান।
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে আফগানিস্তান ১-০ ব্যবধানে এগিয়ে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

