ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে প্রায় শতকোটি টাকা অবৈধ আয়, আয়কর ফাঁকি ও সাড়ে ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেন।
এর আগে আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর। এ আবেদনে উল্লেখ করা হয়, সিআরআই-এর টিআইএন নম্বর ৫৭৫৯৪১৯১৬৩০৪ (সার্কেল-১১৬, কর অঞ্চল-০৬, ঢাকা)-এর শুরু থেকে ২০২৫-২০২৬ করবর্ষ পর্যন্ত সব আয়কর নথি, স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র পর্যালোচনা ও মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে জব্দ করা প্রয়োজন। পরে শুনানি শেষে আয়কর নথি জব্দের ওই আদেশ দেন আদালত।
মামলার নথি সূত্রে জানা গেছে, সিআরআই সমাজসেবা অধিদপ্তর নিবন্ধিত সংস্থা না হওয়া সত্ত্বেও জনকল্যাণমূলক কাজ না করে কেবল নামসর্বস্ব প্রতিষ্ঠান হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। আসামিরা ক্ষমতার অপব্যবহার ও পরস্পর যোগসাজশে আয়কর মওকুফের অবৈধ প্রজ্ঞাপন (এসআরও) জারি করে ও গ্রহণ করে বিপুল পরিমাণ অবৈধ কর সুবিধা ভোগ করেন।
দুদকের অনুসন্ধানে উঠে আসে, বিভিন্ন কোম্পানিকে চাপ প্রয়োগের মাধ্যমে সিআরআই ২৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে ৪৫ কোটি ৩৫ লাখ ১৫ হাজার টাকা অনুদান হিসেবে গ্রহণ করে। প্রতিষ্ঠানটি ২০১৩-২০১৪ করবর্ষ থেকে ২০২৩-২০২৪ করবর্ষ পর্যন্ত সর্বমোট ১০০ কোটি ৩১ লাখ ৪০ হাজার ৪৮৬ টাকা অবৈধভাবে আয় করে। উক্ত আয়ের মধ্যে ১৫ কোটি ৬৮ লাখ ৫৯ হাজার ৫২১ টাকা আত্মসাৎ করা হয়েছে। এ ছাড়া, সিআরআই-এর ২৫টি ব্যাংক হিসাবে মোট ২৪৭ কোটি ৮৫ লাখ ৩৬ হাজার ১৭০ টাকা জমা এবং ১৯১ কোটি ২১ লাখ ৪৩ হাজার ৩০৯ টাকা উত্তোলনসহ সর্বমোট ৪৩৯ কোটি ৬ লাখ ৭৯ হাজার ৪৮০ টাকার বিপুল অর্থ লেনদেন করা হয়। এ প্রক্রিয়ায় ৩৬ কোটি ৫২ লাখ ৭৪২ টাকার আয়কর ফাঁকি দিয়ে সরকারের মারাত্মক আর্থিক ক্ষতিসাধন করা হয়েছে।
এর আগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ও ৪(৩) ধারায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, অসদাচরণ ও অবৈধ অর্থ স্থানান্তরের অভিযোগে মামলা করে দুদক।
এতে আসামি করা হয় ‘সিআরআই’-এর ট্রাস্টি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ জয়, প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান ও ট্রাস্টি সায়মা হোসাইন (সায়মা ওয়াজেদ পুতুল), ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং সিআরআই-এর এক্সিকিউটিভ ডিরেক্টর শাব্বির বিন শামসকে।
এ ছাড়া অবৈধভাবে আয়কর সুবিধা প্রদানের অভিযোগে এনবিআরের কর আপিলের সদস্য রওশন আরা আক্তার, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া এবং সাবেক অর্থমন্ত্রী আ. হ. ম. মোস্তফা কামালকেও আসামির তালিকায় রাখা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


