ফিফা প্রীতি ম্যাচ : সান মারিনোয় এখন জামালরা

দলে যোগ দিলেন শমিত, হামজার জন্য অপেক্ষা

স্পোর্টস রিপোর্টার

দলে যোগ দিলেন শমিত, হামজার জন্য অপেক্ষা

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮১তম। আর সান মারিনো রয়েছে সর্বনিম্ন ২১১তম অবস্থানে। র‌্যাংকিংয়ের ব্যবধান ৩০ হলেও সান মারিনোর বিপক্ষে ম্যাচে নতুন এক ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। এই প্রথম ইউরোপের কোনো দেশের মাটিতে আনুষ্ঠানিক ম্যাচ খেলবে তারা।

আগামী ৫ জুন ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সান মারিনোর বিপক্ষে তাদের ঘরের মাঠে খেলবে বাংলাদেশ। এরই মধ্যে সান মারিনো মিশনে রয়েছেন জামাল ভূঁইয়ারা। গতকাল (১ জুন) বাংলাদেশ সময় ভোরে ঢাকা থেকে ইতালির রোমে পৌঁছায় বাংলাদেশ দল। সেখান থেকে সড়কপথে সান মারিনোর উদ্দেশে রওনা দেন ফুটবলাররা।

বিজ্ঞাপন

বাফুফের পক্ষ থেকে জানানো হয়, আজ বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায় সান মারিনোতে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল। কানাডা থেকে প্রবাসী ফুটবলার শমিত সোম দলের সঙ্গে যোগ দিয়েছেন। অন্যদিকে, ইংল্যান্ড থেকে সরাসরি সান মারিনোতে দলের সঙ্গে যোগ দেবেন দেওয়ান হামজা চৌধুরী। তার অপেক্ষায় বাংলাদেশ। আজ হামজার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।

প্রথমবারের মতো ইউরোপে খেলতে যাওয়ায় বাড়তি রোমাঞ্চ কাজ করছে ফুটবলারদের মধ্যে। রোমাঞ্চিত বাংলাদেশ দলের প্রধান কোচ থমাস ডুলিও। নতুন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার প্রথম অ্যাসাইনমেন্ট এটি। এরই মধ্যে ঢাকায় প্রস্তুতি ক্যাম্প করেছেন ডুলি। এবার সান মারিনোতে দলকে চূড়ান্তভাবে প্রস্তুত করবেন এই জার্মান বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রের সাবেক ফুটবলার।

দেশ ছাড়ার আগে বিমানবন্দরে বাংলাদেশ দলের ডিফেন্ডার তপু বর্মণ বলে গেছেন, ‘আমরা প্রথমবার ইউরোপের মাটিতে খেলতে যাচ্ছি, তাই দলের সবাই বেশ রোমাঞ্চিত। সান মারিনোর বিপক্ষে জয় তুলে নিয়ে আমরা দেশবাসীকে ঈদের দারুণ একটি উপহার দিতে চাই।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...