৭০ বছরের পুরোনো রেকর্ডে ইয়ামালের নাম

৭০ বছরের পুরোনো রেকর্ডে ইয়ামালের নাম

ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে শুরুতেই গোল করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন স্পেনের তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। উয়েফা নেশনস লিগের নতুন মৌসুমের গ্রুপ ‘এ’-এর ম্যাচে দুই মিনিট পূর্ণ হওয়ার আগেই গোল করে ইংল্যান্ডকে পিছিয়ে দেন বার্সেলোনার এই তারকা।

বিজ্ঞাপন

স্পেনের গোলটি আসে ইংল্যান্ডের রক্ষণভাগের ভুল থেকে। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে বের হওয়ার সময় মার্ক গুয়েহি নিয়ন্ত্রণ হারালে বল দখলে নেন ইয়ামাল। এরপর দ্রুত বক্সে ঢুকে ইংলিশ গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ডকে পরাস্ত করেন তিনি।

অপ্টার তথ্য বলছে, ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে এটি দ্রুততম গোলের তালিকায় তৃতীয়। এর আগে ১৯৫৩ সালে হাঙ্গেরির নান্দোর হিদেগকুতি এবং ১৯৫৭ সালে স্কটল্যান্ডের টমি রিং ম্যাচের প্রথম মিনিটেই ইংল্যান্ডের জালে বল পাঠিয়েছিলেন।

অর্থাৎ ১৯৫৭ সালের পর প্রায় সাত দশক ধরে ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই মিনিটের মধ্যে গোলের ঘটনা দেখা যায়নি। দীর্ঘ অপেক্ষার পর সেই তালিকায় ইয়ামাল যোগ হলেন। একই সঙ্গে ১৯৫৭ সালের পর ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই মিনিটের মধ্যে গোল করা তৃতীয় দল হিসেবে ইতিহাসে জায়গা করে নিল স্পেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন