আলকারাজ-সাবালেঙ্কা-ইয়ামালের হাতে ‘অস্কার’

স্পোর্টস ডেস্ক

আলকারাজ-সাবালেঙ্কা-ইয়ামালের হাতে ‘অস্কার’

অনুষ্ঠানের মঞ্চে সবার নজর ছিল দুই টেনিস তারকার দিকে। কেননা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সেরা দুটি পুরস্কারই যে ছিনিয়ে নিয়েছেন বিশ্ব টেনিসাঙ্গনের ওই দুই নক্ষত্র। ‘খেলাধুলার অস্কার’খ্যাত লরিয়াস পুরস্কার প্রদান মঞ্চে আলো ছড়িয়েছেন কার্লোস আলকারাজ। বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন এ স্প্যানিশ টেনিস সুপারস্টার। আর অনুষ্ঠানস্থলে দ্যুতি ছড়িয়ে বর্ষসেরা নারী ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন আরিনা সাবালেঙ্কা।


প্রথমবারের মতো এ পুরস্কার জিতে আলকারাজ ও সাবালেঙ্কা নিজেদের বর্ণিল ক্যারিয়ারটা আরেকটু রঙিন করে নিলেন। মাদ্রিদের সিবেলেস প্যালেসে সোমবার রাতে এক জমকালো অনুষ্ঠানে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে এই পুরস্কার। আলকারাজ ও সাবালেঙ্কার মাঝে নিজের অবস্থান জানান দিয়েছেন তরুণ তুর্কি লামিনে ইয়ামালও। বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদের পুরস্কার জিতে নিয়েছেন বার্সেলোনার ১৮ বছরের এ স্প্যানিশ উইঙ্গার। জমকালো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ক্রীড়াজগতের দুই তারকা টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ ও ফ্রিস্টাইল স্কিয়ার আইলিন গু।
গত বছরটা দুর্দান্ত কাটিয়েছেন ২২ বছরের আলকারাজ। মাথার ওপর উঁচিয়ে ধরেছেন ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেনের রুপালি ট্রফি। এমন দুর্দান্ত সাফল্যের সুবাদেই স্পেনের এ টেনিস তারকা বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন। পুরস্কার জিতে উচ্ছ্বসিত র‌্যাংকিংয়ের দ্বিতীয় সেরা তারকা আলকারাজ বলেন, ‘যারা খেলাধুলা এত গভীরভাবে বোঝেন, তাদের কাছ থেকে এ স্বীকৃতি পাওয়া আরো বেশি অর্থবহ। এই রাত আমি কোনো দিন ভুলব না, হৃদয়ে গেঁথে থাকবে সব সময়।’

বিজ্ঞাপন


নারী টেনিসের ওয়ার্ল্ড নাম্বার ওয়ান সাবালেঙ্কা গত বছর নিজের করে নিয়েছেন ইউএস ওপেনের শ্রেষ্ঠত্ব। এটি ছিল তার ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম। পুরস্কার হাতে পেয়ে যারপরনাই খুশি সাবালেঙ্কা বলেন, ‘আমি এখন কাঁপছি! আমার নামটা যেসব কিংবদন্তি খেলোয়াড়ের পাশে লেখা হবে, যাদের দেখে বড় হয়েছি, যাদের অনুসরণ করেছি। বিষয়টা ভাবতেই একটু অবিশ্বাস্য লাগছে।’


বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদের পুরস্কার পেয়ে শিহরিত ইয়ামাল বলেন, ‘আমি এই পুরস্কার পেয়ে খুবই আনন্দিত। এটা আমার জন্য বড় সম্মানের। আমি একাডেমিকে ধন্যবাদ জানাতে চাই, আমার পরিবারকে—আমার মা, যিনি আমার ভাইকে নিয়ে বাসায় আছেন, আমার বাবা, আমার দাদি, আমার সতীর্থরা এবং সেই দলকে, যারা সব সময় আমাকে সমর্থন দেয়।’


লরিয়াসে দুবার বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জেতা লিওনেল মেসিকেও স্মরণ করেন ইয়ামাল, ‘আমার কাছে লিওনেল মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়। সব খেলাধুলার মধ্যে তিনি সেরা কি না, জানি না, তবে না হলেও খুব কাছাকাছি আছেন। তিনি একজন আদর্শ। তিনি যা অর্জন করেছেন, তার জন্য সবাই তাকে সম্মান করে।’


বর্ষসেরা দলের পুরস্কার পেয়েছে পিএসজি। গত মৌসুমে ট্রেবল জয়ের পথে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ ট্রফির অভাব ঘুচিয়ে ফেলে ফ্রান্সের ক্লাবটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...