এনপিএলে সাইফের অলরাউন্ড নৈপুণ্য

এনপিএলে সাইফের অলরাউন্ড নৈপুণ্য

নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে জনকপুর বোল্টস। ব্যাট ও বলে বাংলাদেশের অলরাউন্ডার সাইফ হাসানের দুর্দান্ত নৈপুণ্যে কাঠমান্ডু গোরখাসকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে দলটি।

ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে জনকপুরের নিয়ন্ত্রিত বোলিং আক্রমণের সামনে নির্ধারিত ওভারে ১১৫ রানেই অলআউট হয়ে যায় কাঠমান্ডু গোরখাস। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন ভীম শারকি। এছাড়া রশিদ খান ১৭, স্মিট প্যাটেল ১৩ এবং সুমিত মহারাজন ১০ রান করেন। কাঠমান্ডুর আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

বিজ্ঞাপন

জনকপুরের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রাহুল যাদব। তিনি ৪ ওভারে ৩১ রান খরচ করে ৪টি উইকেট শিকার করেন। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া সবচেয়ে কৃপণ ও কার্যকর স্পেলটি করেন সাইফ হাসান। নিজের কোটার ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ২টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন এই ডানহাতি স্পিনার। ইনিংসের শুরুতে একটি ছক্কা হজম করলেও পরের ৩ ওভারে মাত্র ৩ রান দিয়ে কাঠমান্ডুর রান সংগ্রহে লাগাম টানেন তিনি।

১১৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই কিছুটা বিপদে পড়েছিল জনকপুর। পাওয়ার প্লের মধ্যেই বিদায় নেন দুই ওপেনার রাজ দাস (৫) ও মায়ান যাদব (৯)।

তবে প্রাথমিক চাপ সামলে দলকে সহজ জয়ের দিকে নিয়ে যান সাইফ হাসান ও অভিজ্ঞ ইংলিশ অলরাউন্ডার মঈন আলি। তৃতীয় উইকেটে এই দুই ব্যাটার অবিচ্ছিন্ন ৭৯ রানের দায়িত্বশীল জুটি গড়েন। ৩৯ বল খেলে ৪০ রানে অপরাজিত থাকেন সাইফ। অপর প্রান্তে মঈন আলি তুখোড় ব্যাটিংয়ে ফিফটি তুলে নিয়ে ৫৮ রানে অপরাজিত থাকেন।

১৬ বল হাতে রেখেই ৮ উইকেটের সহজ জয় নিশ্চিত করে জনকপুর বোল্টস। ম্যাচজয়ী অলরাউন্ড পারফরম্যান্সে দলের প্রথম জয়ে মূল নায়কের ভূমিকা পালন করেন সাইফ হাসান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন