যুক্তরাষ্ট্রের ফুটবলে এখন চলছে লিওনেল মেসির আধিপত্য। সেটা শুধু মাঠের লড়াইয়ে নয়, মাঠের বাইরেও আর্জেন্টাইন তারকার রাজত্ব। ইন্টার মিয়ামি আগে কখনো শিরোপা জয়ের স্বাদ পায়নি। আর্জেন্টাইন অধিনায়ক ফ্লোরিডার ক্লাবটিতে পা রাখার পর ক্লাবটির সেই ইতিহাসই বদলে গেছে। মিয়ামির শোকেসে এখন শোভা পাচ্ছে তিনটি ট্রফি। তাতে মিয়ামির আয়ও বেড়েছে। ক্লাবটির ব্র্যান্ড মূল্যও ফুলে-ফেঁপে উঠেছে। যুক্তরাষ্ট্রের লিগের ৩০টি ক্লাবের মধ্যে সবচেয়ে দামি দল এখন ‘দ্য হেরনস’।
২০২৬ সালে নতুন মৌসুম শুরুর আগেই ইন্টার মিয়ামির আনুমানিক মূল্য দাঁড়িয়েছে ১৪৫ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৭ হাজার ৪০০ কোটি টাকা। যুক্তরাষ্ট্রের সবচেয়ে মূল্যবান দলগুলোর তালিকায় সবার ওপরে উঠেছে মিয়ামি। মেসির দলের কাছে শীর্ষ স্থান খুইয়েছে লস অ্যাঞ্জেলেস এফসি। ১৪০ কোটি ডলারের মূল্য নিয়ে লস অ্যাঞ্জেলেস এখন লিস্টের দ্বিতীয় স্থানে রয়েছে। ক্রীড়া অর্থনীতিবিষয়ক সংবাদমাধ্যম স্পোর্তিকোর সমীক্ষায় বেরিয়ে এসেছে এই তথ্য।
ক্লাব মিয়ামির বাজারমূল্য বেড়েছে প্রায় ২২ শতাংশ। তাদের এই প্রবৃদ্ধি হয়েছে শুধু গত এক বছরে। সেসুবাদে তালিকায় বড় উন্নতি হয়েছে মেসি-সুয়ারেজদের। ক্যালিফোর্নিয়ার ক্লাবটিকে ছাড়িয়ে গেছে মিয়ামি। লস অ্যাঞ্জেলেসের প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৯ শতাংশ। যে কারণে মিয়ামির আয়ের গতিবেগের সঙ্গে লস অ্যাঞ্জেলেসে পেরে উঠেনি। শীর্ষ পাঁচ ক্লাবের অন্য তিন দল হলো- লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি (১১৭ কোটি ডলার), আটলান্টা ইউনাইটেড (১১৪ কোটি ডলার) এবং নিউইয়র্ক সিটি এফসি (১১২ কোটি ডলার)।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

