আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ডিপিএল

রুপগঞ্জ-গাজী গ্রুপের দাপুটে দিন

স্পোর্টস রিপোর্টার, হবিগঞ্জ থেকে

রুপগঞ্জ-গাজী গ্রুপের দাপুটে দিন

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) দারুণ দিন পার করল লিজেন্ডস অব রুপগঞ্জ ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ১০ উইকেটে হারিয়ে রুপগঞ্জ। ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে গাজী গ্রুপের জয় ১৭৫ রানে। অপর ম্যাচে গুলশান ক্রিকেট ক্লাবকে ছয় উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৬৯ রানে অলআউট হয় শাইনপুকুর। তাদের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেন মইনুল ইসলাম। নিয়ন জামানের ব্যাট থেকে আসে ১৪ রান। রুপগঞ্জের হয়ে তিনটি করে উইকেট নেন রেজাউর রহমান ও তানভীর ইসলাম। জবাবে ২৪৩ বল হাতে রেখে জয় তুলে নেয় রুপগঞ্জ। সাইফ হাসান ৩৯ ও তানজিদ হাসান ৩৫ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

গাজী গ্রুপের বড় জয়ের নায়ক আব্দুল গাফফার। বিকেএসপিএর চার নম্বর মাঠে আগে ব্যাট করে ২৯৮ রান জড়ো করে তারা। সর্বোচ্চ ৬৯ রান করেন এনামুল হক বিজয়। ৬০ রান আসে শামসুর রহমান শুভর ব্যাট থেকে। আমিনুল ইসলাম বিপ্লব করেন ৪৪ রান। আব্দুল গাফফারের অবদান ৩৩ রান। এজন্য খেলেন মাত্র ১৭ বল। লক্ষ্য তাড়ায় গাজী গ্রুপের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১২৩ রানে গুটিয়ে যায় ধানমন্ডি। নুরুল হাসান সোহান ও মইন খান ছাড়া আর কোনো ব্যাটার বলার মতো স্কোর করতে পারেননি। ৩৩ রান করেন সোহান। ২৪ রান এনে দেন মইন। গাজী গ্রুপের হয়ে ২৯ রানে তিন উইকেট নেন ওয়াসি সিদ্দিকি। এছাড়া আরিদুল ইসলাম ও আব্দুল গাফফার নেন দুটি করে উইকেট। অলরাউন্ড পারফর্ম করে ম্যাচসেরা হয়েছেন শেষেরজন।

গুলশানের বিপক্ষে ছয় উইকেটে জিতলেও ম্যাচে একচেটিয়া দাপট দেখাতে পারেনি অগ্রণী ব্যাংক। ২২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৯ ওভার পর্যন্ত ব্যাট করতে হয়েছে তাদের। দলটির হয়ে ৭৫ রান করেন ইমরানুজ্জামান। অমিত হাসান খেলেন ৬৩ রানের ইনিংস। এছাড়া ৪০ রান করেন মার্শাল আইয়ুব। এর আগে গুলশানের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন লিটন দাস। খালিদ হাসানের অবদান ২৩ রান। ২২ রান এনে দেন মইনুল ইসলাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন