ফিফার নতুন উদ্যোগ ‘হিমালয়া কাপ’

ফিফার নতুন উদ্যোগ ‘হিমালয়া কাপ’

দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। অঞ্চলের ফুটবলীয় পরাশক্তি ও উদীয়মান দেশগুলোকে একসূত্রে বাঁধতে একটি বিশেষ আঞ্চলিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে সংস্থাটি, যার সম্ভাব্য নাম দেওয়া হয়েছে ‘ফিফা হিমালয়া কাপ’।

সম্প্রতি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ভুটান সফরকে কেন্দ্র করে এই বিশেষ উদ্যোগটির ধারণা সামনে এসেছে। সিটি স্পোর্টস নেটওয়ার্কের (সিএসএন) তথ্য মতে, হিমালয় অঞ্চলসংলগ্ন দেশগুলোর জাতীয় দলগুলোকে আন্তর্জাতিক ফুটবলে আরো বেশি প্রতিযোগিতামূলক ম্যাচের সুযোগ করে দেওয়াই এই টুর্নামেন্টের প্রধান লক্ষ্য।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক অঙ্গনে তুলনামূলক পিছিয়ে থাকা এসব দেশের ফুটবলের মানোন্নয়ন, খেলোয়াড়দের অভিজ্ঞতা বৃদ্ধি এবং আঞ্চলিক সৌহার্দ্য জোরদারে টুর্নামেন্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

তবে পরিকল্পনাটি বর্তমানে একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে। টুর্নামেন্টের ফরম্যাট, সম্ভাব্য অংশগ্রহণকারী দল কিংবা মাঠের লড়াই কবে শুরু হবে—সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করেনি ফিফা। রূপরেখা চূড়ান্ত হলে দক্ষিণ এশিয়ার ফুটবলে এটি একটি বড় ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন