সীমিত ওভারের সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফর করার কথা ছিল ভারতীয় দলের। তবে সিরিজটি পিছিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এক বিবৃতিতে সংস্থাটি বিষয়টি নিশ্চিত করেছে।
সূচি অনুযায়ী, বাংলাদেশ সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ায় নির্ধারিত সময়ে বাংলাদেশে দল পাঠাতে অনাগ্রহ প্রকাশ করে বিসিসিআই। এবার দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতিতে সিরিজ দুটি পিছিয়ে গেল। নতুন সূচিতে আগামী বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করবে বিরাট কোহলি, রোহিত শর্মা শুবমান গিলরা।
বিবৃতিতে বিসিসিআই লিখেছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পারস্পরিকভাবে ২০২৫ সালের আগস্টে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ পিছিয়ে দিয়েছে। সিরিজটি ২০২৬ সালের সেপ্টেম্বরে মাঠে গড়াবে। আন্তর্জাতিক ক্রিকেটের প্রতিশ্রুতি এবং উভয় দলের সময়সূচীর সুবিধা বিবেচনা করে দুই বোর্ডের মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবি ২০২৬ সালের সেপ্টেম্বরে এই প্রত্যাশিত সিরিজের জন্য ভারতকে স্বাগত জানাতে আগ্রহী। সফরের সংশোধিত তারিখ এবং সূচি যথাসময়ে ঘোষণা করা হবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

