এশিয়ান গেমস

হকিতেও কোরিয়ার কাছে বড় হার বাংলাদেশের

হকিতেও কোরিয়ার কাছে বড় হার বাংলাদেশের

এশিয়ান গেমসে পুরুষ হকিতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শুরুটা আশা জাগানিয়া করেও ম্যাচে ধরে রাখতে পারল না বাংলাদেশ। গোলশূন্য প্রথম কোয়ার্টারে লড়াইয়ের আভাস দিলেও পরের তিন কোয়ার্টারে একের পর এক গোল হজম করে ৫-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। গিফু হকি স্টেডিয়ামে ম্যাচ যত গড়িয়েছে, ততই দক্ষিণ কোরিয়ার নিয়ন্ত্রণে চলে গেছে খেলা।

বিজ্ঞাপন

র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ কোরিয়া বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। ফলে ম্যাচ শুরুর আগে ব্যবধানের বাস্তবতা জানা ছিল বাংলাদেশের। তবে প্রথম ১৫ মিনিটে গোল না খেয়ে কোরিয়াকে আটকে রাখায় আশাবাদী হয়ে উঠেছিল বাংলাদেশ শিবির। দ্বিতীয় কোয়ার্টারে অবশ্য ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে পরপর দুই গোল করে কোরিয়া। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি জিমিদের দল।

বাংলাদেশ গোলের সুযোগ পেয়েছিল দুবার। কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। দ্বীন ইসলাম ইমন গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন। মিমোও সহজ একটি সুযোগ নষ্ট করেন। জাতীয় দলে দীর্ঘদিন পর ফেরা রাসেল মাহমুদ জিমিও প্রত্যাশা অনুযায়ী নিজেকে মেলে ধরতে পারেননি।

তৃতীয় কোয়ার্টারে আরও দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় দক্ষিণ কোরিয়া। শেষ কোয়ার্টারেও একটি গোল হজম করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৫-০ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় লাল-সবুজের দলকে।

ম্যাচের বাইরে বাংলাদেশের কোচিং স্টাফের জন্যও ছিল একটি অস্বস্তিকর পরিস্থিতি। অলিভারের অ্যাক্রিডিটেশন কার্ড না হওয়ায় তিনি টেন্টে থাকতে পারেননি। সহকারী কোচের ডাগআউটে থাকা গুরুত্বপূর্ণ হলেও মাঠের বাইরে গ্যালারিতে বসেই ম্যাচ দেখতে হয়েছে তাঁকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন