আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দুই পদক জিতে মিশন শেষ করল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

দুই পদক জিতে মিশন
শেষ করল বাংলাদেশ

ঢাকায় চলমান ২৪তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে দুটি পদক জিতেছে বাংলাদেশ। কম্পাউন্ড মিশ্র দ্বৈতে বন্যা আক্তার ও হিমু বাছাড় রৌপ্য এবং কম্পাউন্ড নারী এককে কুলসুম আক্তার মনি বাংলাদেশকে ব্রোঞ্জ পদক এনে দিয়েছেন। এই দুটি পদক জিতেই এবারের চ্যাম্পিয়নশিপ মিশন শেষ করল লাল-সবুজের জার্সিধারীরা। এর আগে ২০২১ সালে একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক জিতেছিল তারা। এ নিয়ে এশিয়ান চ্যাম্পিয়নশিপে দুটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদক জিতল বাংলাদেশের আর্চাররা।


জাতীয় স্টেডিয়ামের পর্ব শেষে আজ বৃহস্পতিবার থেকে আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার খেলা শুরু হয়েছে। কম্পাউন্ড মিশ্র দ্বৈতের ফাইনালে লড়াই করে বাংলাদেশ ও ভারত। ভারতের কাছে ১৫৩-১৫১ স্কোরে (৩৫-৩৯, ৩৯-৩৮, ৩৯-৩৮, ৩৮-৩৮) হেরে রৌপ্য পদক পেয়েছে স্বাগতিকরা। অন্যদিকে, কম্পাউন্ড নারী এককের ব্রোঞ্জ নির্ধারণী লড়াইয়ে চাইনিজ তাইপের চেন সি উকে ১৪৫-১৪৪ স্কোরে (২৯-৩০, ২৯-২৯, ২৯-২৯, ২৮-২৯, ৩০-২৭) হারিয়ে পদক পান কুলসুম। কম্পাউন্ড নারী এককে আরো বড় প্রাপ্তির সুযোগ ছিল তার সামনে। কিন্তু সেমিফাইনালে তিনি ১৪৬-১৪৫ স্কোরে (৩০-৩০, ২৯-২৯, ২৯-৩০, ২৮-২৮, ২৯-২৯) হেরে যান ভারতের প্রাদ্বীপ প্রিথিকার বিপক্ষে।

বিজ্ঞাপন


দুই পদক জয়ের দিন আর্চার বন্যা আক্তার বলেন, ‘এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে কম্পাউন্ড ইভেন্ট থেকে দেশকে এই প্রথম পদক এনে দিতে পেরেছি, ভালো লাগছে। স্বর্ণপদক হাতছাড়া হয়েছে। আসলে আমরা চেষ্টা করেছি, এখানে ভাগ্যেরও ব্যাপার থাকে। ভাগ্যে আজ আমাদের পাশে ছিল না। শুরুতে আমরা একটু খারাপ করেছি, পরে চেষ্টা করলেও পারিনি।’ হিমু বাছাড় বলেন, ‘এই প্রথম আমি এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে খেললাম। আমি আসলে ওইরকম নার্ভাস ছিলাম না। আমার অভিজ্ঞতা একটু কম, শুরুতেই তাই একটু খারাপ হয়ে গেছে।’

ব্রোঞ্জ পদক জয়ের পর কুলসুম বলেন, ‘আমি কিন্তু প্রথমে ভয় পেয়ে যাই। ভেবেছিলাম হয়তো বা কিছুই পাব না। কিন্তু শেষ পর্যন্ত লড়াই করেছি। আমি ফিনিশিং সুন্দর করেছি। পদক জিতে সত্যি অনেক খুশি। আমার লাইফে সবচেয়ে বেশি খুশি হয়েছি আজ। অনেক এক্সাইটেড আমি। কারণ এটা আমার প্রথম আন্তর্জাতিক পদক।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন