৯৬ বছর পর বিশ্বমঞ্চে মুখোমুখি যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে

স্পোর্টস ডেস্ক

৯৬ বছর পর বিশ্বমঞ্চে মুখোমুখি যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে

ঘরের মাঠে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ২০২৬ বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় শনিবার সকাল ৭টায় লস অ্যাঞ্জেলেসে দক্ষিণ আমেরিকার দল প্যারাগুয়ের মুখোমুখি হবে মৌরিসিও পোচেত্তিনোর শিষ্যরা। আর তাতে ৯৬ বছর পর বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে দুদল। সবশেষ ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে একমাত্র সাক্ষাতে ৩-০ গোলের জয় পেয়েছিল মার্কিনিরা। একই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া ও তুরস্ক। নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে হলে দুদলের জন্যই ইতিবাচক শুরু অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিন আয়োজক দেশের একটি যুক্তরাষ্ট্র এবার ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে বড় কিছু করার স্বপ্ন দেখছে। বাছাইপর্ব খেলতে না হওয়ায় বিশ্বকাপের প্রস্তুতির জন্য প্রায় দুই বছর সময় পেয়েছেন কোচ মৌরিসিও পোচেত্তিনো। তবে প্রস্তুতির সময় শেষ, এখন প্রতিটি ম্যাচই পরীক্ষার। বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে জার্মানির কাছে ২-১ গোলে হারলেও তার আগে সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছিল যুক্তরাষ্ট্র। ফিফা র‌্যাংকিংয়ের ১৬ নম্বরে থাকা দলটি এবার খেলছে নিজেদের ১২তম বিশ্বকাপ। ২০০২ সালে কোয়ার্টার ফাইনালে ওঠাই বিশ্বকাপে তাদের সেরা সাফল্য, যদিও সর্বশেষ তিন আসরেই তারা নকআউট পর্বে জায়গা করে নিয়েছে।

অন্যদিকে, দীর্ঘ বিরতির পর বিশ্বকাপের মূল পর্বে ফিরেছে প্যারাগুয়ে। ২০১০ সালে কোয়ার্টার ফাইনালে ওঠার পর এবারই প্রথম বিশ্বকাপে খেলতে যাচ্ছে তারা। কনমেবল বাছাইপর্বে ষষ্ঠ হয়ে টিকিট নিশ্চিত করে গুস্তাভো আলফারোর দল। বিশ্বকাপের আগে দারুণ ছন্দে রয়েছে দক্ষিণ আমেরিকার দলটি। সর্বশেষ চার ম্যাচের তিনটিতে জয় পেয়েছে তারা, যার মধ্যে নিকারাগুয়ার বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ও রয়েছে। আলফারোর অধীনে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারানোও তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। তবে ইতিহাস প্যারাগুয়ের পক্ষে নয়। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আটবারের মধ্যে মাত্র একবার জয়ের দেখা পেয়েছে তারা। এছাড়া আয়োজক দেশের বিপক্ষে খেলা আগের দুই ম্যাচের কোনোটিতেই জয় পায়নি লা আলবিরোজারা।

দলীয় শক্তির দিক থেকে যুক্তরাষ্ট্রের ভরসা ক্রিশ্চিয়ান পুলিসিচ, ফোলারিন বালোগুন, ওয়েস্টন ম্যাককেনি ও টাইলার অ্যাডামসদের ওপর। প্রথম ম্যাচে তিন ডিফেন্ডারের রক্ষণভাগ নিয়ে মাঠে নামতে পারেন যুক্তরাষ্ট্র কোচ পোচেত্তিনো। অভিজ্ঞ অধিনায়ক টিম রিম থাকবেন রক্ষণভাগের নেতৃত্বে। গোড়ালির চোট কাটিয়ে সদ্য অনুশীলনে ফেরা ক্রিস রিচার্ডসের খেলা এখনো নিশ্চিত নয়। ফলে মাইলস রবিনসন কিংবা মার্ক ম্যাকেঞ্জির একজন শুরুর একাদশে থাকতে পারেন। মাঝমাঠে টাইলার অ্যাডামস, ওয়েস্টন ম্যাককেনি ও মালিক টিলম্যানের ওপর থাকবে বড় দায়িত্ব। আক্রমণে ফরোয়ার্ড ফোলারিন বালোগুনকে সহায়তা করবেন দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ান পুলিসিচ। গত মৌসুমে মোনাকোর হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯ গোল করেছেন বালোগুন।

অন্যদিকে, প্যারাগুয়ের প্রধান অস্ত্র হতে পারেন মিগেল আলমিরন, হুলিও এনসিসো ও টনি সানাব্রিয়া। বিশেষ করে বাছাইপর্বে চার গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা ছিলেন সানাব্রিয়া। সান্ডারল্যান্ডের সেন্টার-ব্যাক ওমর আলদেরেতে এবং অধিনায়ক গুস্তাভো গোমেজের নেতৃত্বে শক্তিশালী ব্যাকফোর নিয়ে মাঠে নামবে তারা। দলের সেরা ফুটবলার হুলিও এনসিসো নিকারাগুয়ার বিপক্ষে ম্যাচে হালকা চোট পেলেও এই ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে। আক্রমণভাগে মিগেল আলমিরন ও দিয়েগো গোমেজের সঙ্গে একক স্ট্রাইকার হিসেবে খেলবেন টনি সানাব্রিয়া। রক্ষণভাগের দৃঢ়তা এবং সেট-পিস নির্ভর ফুটবলের জন্য পরিচিত প্যারাগুয়ে স্বাগতিকদের চমকে দিতে চাইবে। আর যুক্তরাষ্ট্র চাইবে নিজেদের সমর্থকদের সামনে জয় দিয়ে বিশ্বকাপ মিশনের শুভ সূচনা করতে।
সব মিলিয়ে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটি হতে যাচ্ছে দুই ভিন্ন ধারার ফুটবল দর্শনের লড়াই, যেখানে প্রথম ম্যাচের তিন পয়েন্টই দুদলের জন্য সমান গুরুত্বপূর্ণ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন