সামনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ। ঘরের মাঠের নতুন এ মিশনের জন্য অনুশীলনে নিজেদের প্রস্তুত করছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ফিল সিমন্সের তত্ত্বাবধানে ও নতুন কোচিং প্যানেলের অধীন খেলোয়াড়রা তাদের স্কিল ও ফিটনেস ঝালিয়ে নিচ্ছেন। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিবিড় অনুশীলন চালিয়ে যাচ্ছেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা।
ওয়ানডে সিরিজের জন্য অনুশীলন শুরু করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলও। আজ রোববার সকাল ১০টায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম অনুশীলন সেশনে অংশ নেন অতিথি ক্রিকেটাররা।
প্রথমে মূল মাঠে অনুশীলন করেন অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা। পরে দলের কয়েকজনকে একাডেমি মাঠেও অনুশীলন করতে দেখা যায়। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগেই ব্যস্ত ছিলেন তারা। দীর্ঘ সময় ধরে নেট সেশনে ঘাম ঝরান অজি ক্রিকেটাররা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন উপলক্ষে আজ দুদলের অনুশীলনের সময়সূচি আলাদা রাখা হয়। সে অনুযায়ী সকালেই মাঠে নামে অস্ট্রেলিয়া। দুপুরে অনুশীলন করেন লাল-সবুজের প্রতিনিধিরা। আগামীকাল সকাল ১০টা থেকে অনুশীলন করবে বাংলাদেশ দল। আর দুপুর ২টা থেকে গা গরম করবেন অজিরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

