অধিনায়কের পরামর্শ মেনেই ম্যাচ-সেরা লিটন

স্পোর্টস রিপোর্টার

অধিনায়কের পরামর্শ মেনেই ম্যাচ-সেরা লিটন

সিলেট টেস্টেও দাপট দেখিয়ে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বার পাকিস্তানকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল টাইগাররা। আর ঐতিহাসিক এই জয়ে বড় ভূমিকা রেখেছেন ম্যাচ-সেরা লিটন দাস।

প্রথম ইনিংসে যখন ১১০ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ, তখন ব্যাট হাতে প্রতিরোধ গড়েন লিটন। উইকেটরক্ষক এই ব্যাটার খেলেন ১২৬ রানের দুর্দান্ত ইনিংস। তার ব্যাটেই ঘুরে দাঁড়িয়ে প্রথম ইনিংসে ২৭৮ রান তোলে বাংলাদেশ এবং পরে ৪৬ রানের গুরুত্বপূর্ণ লিড নেয়। দ্বিতীয় ইনিংসেও করেন মূল্যবান ৬৯ রান।

ম্যাচ শেষে লিটন জানিয়েছেন, ব্যাটিংয়ের সময় অধিনায়ক নাজমুল হোসেন শান্তর একটি পরামর্শই তাকে আত্মবিশ্বাস জুগিয়েছে।

লিটন বলেন, ‘অধিনায়ককে বললাম কী করব? সে আমাকে বলেছে ব্যাট করে যাও। আমি নিজের শক্তি অনুযায়ী ব্যাট করে গেছি। দুইটা বাউন্ডারি মারার পর মনে হয়েছে এটা টেস্ট ক্রিকেট, এখানে সময় নিতে হবে।’

সিলেটের আবহাওয়া এবং ম্যাচ পরিস্থিতিও মাথায় ছিল তার। লিটনের মতে, কিছুক্ষণ উইকেটে টিকে থাকলেই ম্যাচের গতি বদলে যেতে পারত।

তিনি বলেন, ‘সিলেটে বৃষ্টির সম্ভাবনা ছিল। মনে হয়েছিল ১০-১৫ ওভার খেলতে পারলে ম্যাচের চিত্র বদলে যেতে পারে।’

টেইলএন্ডারদের নিয়ে সেঞ্চুরি করাটাকেও বিশেষ কৃতিত্ব হিসেবে দেখছেন এই ডানহাতি ব্যাটার। তার মতে, কঠিন উইকেটে নিচের সারির ব্যাটারদের সঙ্গে রান তোলা মোটেও সহজ ছিল না।

লিটনের ভাষায়, ‘টেইলএন্ডারদের সঙ্গে ব্যাট করা সহজ নয়। সব ফিল্ডার বাইরে ছিল। প্রথম দিনের উইকেটও খুব সহজ ছিল না।’

শেষ পর্যন্ত লিটনের ব্যাটিং ভিত্তির ওপর দাঁড়িয়েই ম্যাচে আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। পরে তাইজুল-মিরাজদের দারুণ বোলিংয়ে ৭৮ রানের জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন