হোবার্টের মৌসুমসেরা রিশাদ

স্পোর্টস ডেস্ক

হোবার্টের মৌসুমসেরা রিশাদ

অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট বিগ ব্যাশ থেকে সুখবর পেলেন রিশাদ হোসেন। হোবার্ট হারিকেনসের হয়ে খেলা বাংলাদেশের এই লেগ স্পিনারকে এবারের মৌসুমে দলের সেরা খেলোয়াড় নির্বাচিত করেছে ক্রিকেট তাসমানিয়া। ক্রিকেট তাসমানিয়া আজ তাদের বার্ষিক অ্যাওয়ার্ড নাইটে এ ঘোষণা দেয়।

বিজ্ঞাপন

রিশাদ এবারই প্রথম বিগ ব্যাশে খেললেন। বল হাতে দলের জার্সি গায়ে সর্বোচ্চ ১৫ উইকেট নেন এই লেগ স্পিনার। টুর্নামেন্টের সব দল মিলিয়ে এবারের আসরের অন্য কোনো স্পিনার তার চেয়ে বেশি উইকেট শিকার করতে পারেননি।

রিশাদের পাশে রয়েছেন পার্থ স্করচারসের বাঁহাতি স্পিনার কুপার কনোলি ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের লেগ স্পিনার লয়েড পোপ। তারাও নেন সমান ১৫ উইকেট করে। পুরো টুর্নামেন্টে রিশাদের ছন্দময় পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ওভারপ্রতি খুব বেশি রান দেননি, টুর্নামেন্টে তার ইকোনমি মাত্র ৭.৮২।

দলের সেরা খেলোয়াড় হতে রিশাদের সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন ব্যাটসম্যান নিখিল চৌধুরী, দুই পেসার নাথান এলিস ও ক্রিস জর্ডান। ব্যাট হাতে টুর্নামেন্টে ৩০৭ রান সংগ্রহ করেন নিখিল। ১৪ উইকেট পান অধিনায়ক এলিস আর জর্ডান ৭টি। তাদের ছাড়িয়ে শেষ পর্যন্ত পুরস্কার জিতেছেন বাংলাদেশের তারকা রিশাদ।

নারী বিভাগে এ পুরস্কার পেয়েছেন হোবার্টের ড্যানি ওয়াইট হজ। বিগ ব্যাশে সর্বশেষ মৌসুমে ৪৩২ রান করেন এই ব্যাটসম্যান। দলকে প্রথমবার শিরোপা জেতাতেও রাখেন বড় ভূমিকা। প্রতি বছর ক্রিকেট তাসমানিয়া বিভিন্ন ক্যাটাগরিতে এ পুরস্কার দিয়ে থাকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন