এনসিএলে মোসাদ্দেকের সেঞ্চুরি

এনসিএলে মোসাদ্দেকের সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের প্রথম দিনে সেঞ্চুরি করেছেন ময়মনসিংহের মোসাদ্দেক হোসেন। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ভালো অবস্থানে থাকা খুলনার বিপক্ষে ভালো সংগ্রহ নিয়ে দিন শেষ করেছে রংপুর।

বিজ্ঞাপন

সিলেটের একাডেমি মাঠে রাজশাহীর বিপক্ষে সেঞ্চুরি করেছেন ময়মনসিংহের মোসাদ্দেক হোসেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ১২তম সেঞ্চুরি। তার অপরাজিত ১৩৭ রানের ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ৩০৯ রানে প্রথম দিন শেষ করেছে ময়মনসিংহ।

খুলনা বিভাগীয় স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২০৩ রান নিয়ে দিন শেষ করেছে বরিশাল। ব্যাটারদের মধ্যে শুধু ফজলে মাহমুদ ফিফটির দেখা পেয়েছেন। ১৫৬ বল খেলে ৬৮ রান করে দিন শেষে অপরাজিত আছেন তিনি। সিলেটের হয়ে ২ উইকেট করে পেয়েছেন আবু জায়েদ, নাসুম আহমেদ ও নাঈম আহমেদ।

আরেক ম্যাচে ঢাকার বিপক্ষে ঢাকার বিপক্ষে ২৮৮ রানে অলআউট হয়েছে চট্টগ্রাম। চট্টগ্রামের হয়ে সাদিকুর রহমান এবং শাহ পরান ফিফটির দেখা পেয়েছেন। বাঁহাতি ওপেনার সাদিকুর ৫৮ রানের ইনিংস খেলেন। শাহ পরান করেন ৭৮ রান। কিন্তু অন্য ব্যাটারদের ব্যর্থতায় দল বেশি দূর যেতে পারেনি। ঢাকার হয়ে সুমন খান তিন ও সালাউদ্দীন শাকিল দুই উইকেট পেয়েছেন। প্রথম দিনের শেষ বিকেলে ব্যাট করতে নেমে ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২০ রান করেছে ঢাকা।

খুলনার বিপক্ষে প্রথম দিন শেষে ৭ উইকেট হারিয়ে ৩২০ রান করেছে রংপুর। ওপেনার মিম মোসাদ্দেক ফিফটি করেছেন। এবারের জাতীয় লিগে ১৩ ইনিংসে এ নিয়ে ৮ বার পঞ্চাশ পেরোলেন তিনি। মিম মোসাদ্দেক ছাড়াও ফিফটি করেছেন আব্দুল্লাহ আল মামুন এবং নাসির হোসেন। খুলনার হয়ে দুই উইকেট করে নিয়েছেন সফর আলী ও শেখ পারভেজ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন