জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচে ব্যাটে-বলে নিজেদের মেলে ধরেছেন ক্রিকেটাররা। রাজশাহীর এসএম মেহরব তুলে নিয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি। অন্যদিকে, বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ক্যারিয়ারে ১৩ বারের মতো ৫ উইকেট শিকার করেছেন সিলেটের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। তবে দারুণ পারফরম্যান্সের মাঝেও রাজশাহীতে বৃষ্টির কারণে মাঠ অনুপযুক্ত হওয়ায় এখনো শুরু হয়নি।
রংপুরের বিপক্ষে প্রথম ইনিংসে ২৩১ রানে গুটিয়ে গেছে রাজশাহী। দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করে সেঞ্চুরি হাঁকিয়েছেন মেহরব (১০১ রান)। রংপুরের মেহেদী ৪ উইকেট নেন। জবাবে প্রথম ইনিংসে ৩ উইকেটে ১২২ রান তুলেছে রংপুর। অনিক সরকার ৫৯ ও ইকবাল হোসেন ৪৫ রানে অপরাজিত রয়েছেন।
এদিকে, নাসুম আহমেদের ফাইফারে (৫/৭২) ২১০ রানে গুটিয়ে গেছে চট্টগ্রামের প্রথম ইনিংস। চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেন মাহমুদুল হাসান জয়। প্রথম ইনিংসে সামান্য লিড পাওয়া সিলেট দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৮৯ রান তুলে ৯৭ রানে এগিয়ে রয়েছে। জাকির ৩৫ রানে আউট হয়েছেন। সৈকত আলি ৩৬ রানে রয়েছেন অপরাজিত।
অন্য ম্যাচে নুরুল হাসান সোহান (১০৪) ও মোহাম্মদ মিঠুনের (১১৯) সেঞ্চুরিতে খুলনা ২৮৮ রান করলে ফলোঅনে পড়েছে ময়মনসিংহ। ময়মনসিংহের ইয়াসিন আরাফাত একাই শিকার করেন ৬ উইকেট। প্রথম ইনিংসে ১০৮ রানে অলআউট হওয়া ময়মনসিংহ দ্বিতীয় ইনিংসেও ৫৭ রানে ২ উইকেট হারিয়ে বিপদে রয়েছে।
এদিকে গত দুই দিন বৃষ্টি না হলেও, রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের আউটফিল্ড খেলার অনুপযুক্ত হওয়ায় বরিশাল ও ঢাকা বিভাগের মধ্যকার ম্যাচটি মাঠে গড়ায়নি। তবে আজ দুপুরের দিকে খেলা গড়াতে পারে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

