আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বয়কট বিতর্ক নিয়ে বিশ্বকাপ শুরু

স্পোর্টস রিপোর্টার

বয়কট বিতর্ক নিয়ে বিশ্বকাপ শুরু

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিতর্ক যেন কোনোভাবেই থামার নয়। ভেন্যু বদলের দাবি তোলা বাংলাদেশের চাওয়াকে প্রাধান্য দেয়নি আইসিসি। ফলে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয় বিসিবি। লাল-সবুজ প্রতিনিধিদের সেই বয়কটকে সমর্থন জানিয়েছে পাকিস্তান। গ্রুপ পর্বে কলম্বোয় অনুষ্ঠিতব্য চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দিয়েছে তারা। সে সিদ্ধান্ত থেকে শেষ মুহূর্তে পিসিবি সরে আসবে কি নাÑসেটা এখনো নিশ্চিত নয়। তবে তাদের সিদ্ধান্ত থেকে সরে আসতে দেওয়া হচ্ছে নানা ধরনের হুমকি ও চাপ। এই বয়কট বিতর্ককে সঙ্গী করে আজ থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। উদ্বোধনী ম্যাচে কলম্বোয় পাকিস্তানের মুখোমুখি হবে নেদারল্যান্ডস।

বিজ্ঞাপন

২০ দলের এই আসর আয়োজিত হচ্ছে দুদেশে। ভারতের সঙ্গে সহ-আয়োজক হিসেবে আছে শ্রীলঙ্কা। ফলে এবারের আসরের স্বাগতিকের ভূমিকায় আছে দুদল। এমনকি অধিনায়কদের ফটোসেশনও হয়েছে দুই দফায়। ভারতে যেসব দেশের খেলা আছে, তাদের ফটোসেশন হয়েছে মুম্বাইয়ে আর যারা শ্রীলঙ্কায় আছে, তাদেরটা হয়েছে কলম্বোয়। পরে দুই ছবি একসঙ্গে কোলাজ করে প্রযুক্তির মাধ্যমে একটি ছবিতে পরিণত হয়েছে আইসিসি। এতে খানিকটা স্পষ্ট যে, এবারের আসরে ভারত আয়োজক হিসেবে ঠিকঠাক ভূমিকা নিতে পারেনি।

এবারের আসরে চার গ্রুপে অংশগ্রহণকারী ২০ দলকে ভাগ করা হয়েছে। প্রাথমিকভাবে ‘সি’ গ্রুপে ছিল বাংলাদেশ। লাল-সবুজ প্রতিনিধিদের ভেন্যু পরিবর্তনের দাবি মেনে না নেওয়ায় শেষ পর্যন্ত বয়কটের সিদ্ধান্ত নেয় বিসিবি। ফলে সে জায়গায় ‘সি’ গ্রুপে জায়গা পেয়েছে স্কটল্যান্ড। শেষ মুহূর্তে এসে বিশ্বকাপে জায়গা পেয়েছে স্কটিশরা। চার গ্রুপের এই লড়াই শেষে প্রত্যেক গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল জায়গা নেবে সুপার এইটে। সেখানে তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে দলগুলো।

সুপার এইটের আট দলকে দুই গ্রুপে ভাগ করা হবে। অর্থাৎ, সুপার এইটের ‘এ’ গ্রুপে থাকবে চার দল ও ‘বি’ গ্রুপে থাকবে বাকি চার দল। সেখান থেকে দুটি করে দল উঠবে সেমিফাইনালে। সেখান থেকে হবে ফাইনাল। অর্থাৎ, গত আসরের মতো পুরোনো ফরম্যাটেই আয়োজিত হচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সব মিলিয়ে এবারের আসরে আয়োজিত হবে মোট ৫৩ ম্যাচ।

আর এই ৫৩ ম্যাচের শুরুটা হচ্ছে বয়কট নিয়ে তৈরি হওয়া বিতর্ক দিয়ে!

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন