দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৯২ রানে হারিয়েছে আফগানিস্তান। আফগানদের দাপুটে এ জয়ের পর ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণ ওয়েস্ট ইন্ডিজের জন্য আরো কঠিন হয়ে পড়েছে। ফলে টানা তৃতীয়বারের মতো (২০১৯, ২০২৩ ও ২০২৭) ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে পৌঁছাতে বাছাই পর্বে খেলতে হতে পারে দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
আফ্রিকা মহাদেশে হতে যাওয়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে মোট ১৪টি দল অংশ নেবে। সহ-আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। নিয়ম অনুযায়ী আয়োজক দেশ ছাড়া বাকি দলগুলোর মধ্যে আইসিসি ওডিআই র্যাংকিংয়ের সেরা ৮ দল সরাসরি মূল পর্বে জায়গা করে নেবে। তবে স্বাগতিক জিম্বাবুয়ে বর্তমানে র্যাংকিংয়ের সেরা আটে না থাকায় কাট-অফ ডেটের মধ্যে র্যাংকিংয়ের সেরা ৯-এ থাকা দলটিই সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট পাবে।
বাংলাদেশের চেয়ে ৬ রেটিং পয়েন্টে পিছিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের সামনে এখন চরম অনিশ্চয়তা। ৩০ সেপ্টেম্বরের আগে বাংলাদেশের কোনো ওয়ানডে ম্যাচ না থাকায় তাদের ৮৩ রেটিং পয়েন্ট কমার কোনো ঝুঁকি নেই। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের হাতে বাকি থাকা মাত্র দুটি ওয়ানডে ম্যাচ খেলতে হবে ভারতের মাটিতে ভারতেরই বিপক্ষে।
গাণিতিক সমীকরণ বলছে, ভারতের বিপক্ষে এ দুটি ম্যাচ অলৌকিকভাবে জিতলেও মাত্র দুই ম্যাচ থেকে ৬ রেটিং পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে ৯ নম্বরে থাকা বাংলাদেশকে পেছনে ফেলা ক্যারিবীয়দের জন্য প্রায় অসম্ভব।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে আফগানিস্তান তাদের সেরা আটের অবস্থান আরো শক্ত করেছে। বৃষ্টিতে প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আয়ারল্যান্ডের সরাসরি বিশ্বকাপে খেলার আশাও শেষ হয়ে গেছে। সব মিলিয়ে ১৯৭৫ ও ১৯৭৯ সালের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে আরো একবার বিশ্বকাপ টিকিট নিশ্চিত করতে বাছাই পর্বের কড়া পরীক্ষাতেই বসতে হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

