খুলনায় এক দিনে পৃথক স্থান থেকে দুই যুবকের লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বটিয়াঘাটার কাজীবাছা নদী থেকে রাকিব খান (২৭) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করে নৌ-পুলিশ। একই দিন সকালে ফুলতলা এম এম কলেজের দক্ষিণ পাশ থেকে ইয়ানুর গাজী (২২) নামে আরেক যুবকের লাশ উদ্ধার করা হয়। পরে সিআইডির ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষায় তার পরিচয় শনাক্ত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে বটিয়াঘাটা থানার গঙ্গারামপুর ইউনিয়নের কাতিয়ানাংলা বাজারের কাছে কাজীবাছা নদী থেকে রাকিবের লাশ উদ্ধার করা হয়। তিনি রূপসা উপজেলার সেনের বাজার এলাকার মৃত বাকের হোসেন ও রোকসানা বেগমের ছেলে। খবর পেয়ে তার স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। রূপসা নৌ-পুলিশ লাশের আইনগত কার্যক্রম শুরু করেছে।
রাকিবের মা রোকসানা বেগম জানান, গত ১ সেপ্টেম্বর থেকে তার ছেলে নিখোঁজ ছিলেন। এর আগে খুলনা মহানগরীর জেলখানা ঘাট এলাকায় ট্রলারডুবির ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় নিখোঁজদের মধ্যে রাকিব ছিলেন কি না, তা যাচাই করা হচ্ছে।
অন্যদিকে ফুলতলা এম এম কলেজের দক্ষিণ পাশে আলামিন স্যানিটারির সামনে সকালে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে সিআইডি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে। ইয়ানুর যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ২ নম্বর ওয়ার্ডের নজরুল গাজী ও মাহফুজা বেগমের ছেলে।
ফুলতলা থানার ওসি মো. মারগুব তৌহিদ জানান, ইয়ানুরের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
পরিবার জানায়, ইয়ানুর মানসিকভাবে অসুস্থ ছিলেন। নারকেল ও সুপারি পেড়ে পাওয়া অর্থে নিজের খরচ চালাতেন। গত ১০-১২ দিন ধরে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

