‘বিশ্বকাপ এখন ব্যবসা, তারা চেয়েছিল মেসি আরও এগিয়ে যাক’

স্পোর্টস ডেস্ক

‘বিশ্বকাপ এখন ব্যবসা, তারা চেয়েছিল মেসি আরও এগিয়ে যাক’

বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের লিড নিয়েও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে বিদায় নিতে হয়েছে মিসরকে। তবে এই নাটকীয় পরাজয় মেনে নিতে পারেননি দলটির প্রধান কোচ হোসাম হাসান। ম্যাচ শেষে রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশের পাশাপাশি বিশ্বকাপের স্বচ্ছতা নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।

আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে ৭৯ মিনিট পর্যন্ত দুই গোলে এগিয়ে ছিল মিশর। কিন্তু শেষ ১৪ মিনিটে ক্রিস্তিয়ান রোমেরো, লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজের গোলে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হোসাম হাসান বলেন, “আমরাই ভালো খেলেছি এবং নিজেদের কৌশল প্রতিপক্ষের ওপর চাপিয়ে দিতে পেরেছিলাম। কিন্তু আমাদের সঙ্গে ন্যায়বিচার হয়নি। কেন আমাদের গোল বাতিল করা হলো, আমি জানি না।”

মিসর শিবিরের দাবি, দ্বিতীয়ার্ধে তাদের একটি গোল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সিদ্ধান্তে বাতিল করা হয়। এছাড়া আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে মোহাম্মদ সালাহকে বক্সে ফাউল করা হলেও পেনাল্টি দেওয়া হয়নি। এসব সিদ্ধান্তই ম্যাচের ফল নির্ধারণে বড় প্রভাব ফেলেছে বলে মনে করছেন হাসান।

এরপরই আরও বড় অভিযোগ তোলেন মিসরের কোচ। তিনি বলেন, “বিশ্বকাপ এখন অনেকটাই বিপণননির্ভর। তারা চেয়েছিল মেসি যতদিন সম্ভব টুর্নামেন্টে থাকুক।”

তবে বিতর্কিত মন্তব্যের পাশাপাশি নিজের দলের প্রশংসাও করেছেন হাসান। তাঁর মতে, এই বিশ্বকাপে মিশর এমন একটি ভিত্তি তৈরি করেছে, যার ওপর দাঁড়িয়ে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন সম্ভব।

তিনি বলেন, “বিশ্বকাপে আমার দলের পারফরম্যান্সে আমি খুবই সন্তুষ্ট। আমরা আফ্রিকান ও আরব ফুটবলের সম্মান রক্ষা করেছি। আমরা কোনো দলকে ভয় পাই না। এই অর্জনই ভবিষ্যতে আরও বড় লক্ষ্য পূরণের অনুপ্রেরণা হবে।”

খেলোয়াড়দের প্রশংসা করে তিনি আরও বলেন, “আমার খেলোয়াড়দের ধন্যবাদ। তারা প্রমাণ করেছে বিশ্বের সেরা লিগে খেলা ফুটবলারদের সঙ্গেও সমানতালে লড়াই করা সম্ভব। একদিন আমরা বিশ্বের শীর্ষ ফুটবল জাতিগুলোর কাতারে জায়গা করে নেব।”

শেষে সমর্থকদের উদ্দেশে দুঃখ প্রকাশ করেন মিশরের কোচ। “দেশের মানুষের কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমরা আপনাদের আনন্দ দিতে চেয়েছিলাম, কিন্তু বিষয়টি আমাদের নিয়ন্ত্রণে ছিল না। আমরা আরও অনেক দূর যেতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত কী ঘটেছে, সবাই দেখেছেন।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন