ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে মুখ খুললেন মেসি

ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে মুখ খুললেন মেসি
yamal-6a5b19b72e1ab

২০০৭ সালে এক দাতব্য ফটোশুটে পাঁচ মাস বয়সি এক শিশুকে কোলে নিয়ে প্লাস্টিকের টবে গোসল করাচ্ছিলেন ২০ বছর বয়সি এক তরুণ ফুটবলার। প্রায় দুই দশক পর আজ সেই শিশুই স্পেনের তারকা লামিন ইয়ামাল আর তরুণটি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি।

বিজ্ঞাপন

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মহারণের আগে সেই ঐতিহাসিক ছবি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার ছবিটি নিয়ে নিজের অনুভূতির কথাও জানিয়েছেন মেসি।

নিউইয়র্কে এক অনুষ্ঠানে টম ব্র্যাডির সঙ্গে আলাপকালে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘সত্যি বলতে, ছবিটা একেবারে পাগলামির মতো। এটাই তো জীবন! তখন ও ছিল একটা শিশু, আমরা একটা ছবি তুলেছিলাম। আর আজ আমরা বিশ্বকাপের ফাইনালে একে অপরের মুখোমুখি।’

মেসি শুধু স্মৃতিচারণই করেননি, ইয়ামালের ভূয়সী প্রশংসাও করেছেন। তিনি বলেন, ‘লামিন অবিশ্বাস্য প্রতিভাবান। আমি ওকে খুব কাছ থেকে দেখেছি, কারণ ও এমন একটি ক্লাবে খেলছে যেটিকে আমি ভালোবাসি। মাত্র ১৯ বছর বয়সেই সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে উঠেছে। সামনে ওর পুরো ক্যারিয়ার পড়ে আছে, ইতিহাস গড়ার অনেক সুযোগও আছে।’

তবে প্রশংসার পাশাপাশি ফাইনালের লড়াইয়ের কথাও মনে করিয়ে দিয়েছেন মেসি, ‘আমি ওর জন্য শুভকামনা জানাই। কিন্তু এবার আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, যেন ও সেই ইতিহাসটা আমাদের বিপক্ষে লিখতে না পারে।’

এই ছবিটি তোলা হয়েছিল ২০০৭ সালের ডিসেম্বরে বার্সেলোনা, ইউনিসেফ এবং স্প্যানিশ সংবাদপত্র দিয়ারিও স্পোর্তর যৌথ উদ্যোগে একটি দাতব্য ক্যালেন্ডারের জন্য। লটারিতে নির্বাচিত হওয়ায় ইয়ামালের পরিবার সেই ফটোশুটে অংশ নিয়েছিল। তখন কেউ কল্পনাও করেনি, একদিন এই শিশুই বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা হয়ে উঠবে এবং বিশ্বকাপের ফাইনালে মেসির প্রতিপক্ষ হবে।

২০২৪ সালে ইয়ামালের বাবা মুনির নাসরাউই ছবিটি সামাজিক মাধ্যমে প্রকাশ করার পর সেটি বিশ্বজুড়ে ভাইরাল হয়। আর ২০২৬ বিশ্বকাপ ফাইনালের আগে ছবিটি যেন নতুন অর্থ পেয়েছে—এক ফ্রেমে ধরা পড়েছে বিশ্ব ফুটবলের দুই প্রজন্ম, যারা এবার মুখোমুখি হচ্ছে সবচেয়ে বড় মঞ্চে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন