মাথা উঁচু বিদায়ে গর্বিত কেপ ভার্দে কোচ

স্পোর্টস ডেস্ক

মাথা উঁচু বিদায়ে গর্বিত কেপ ভার্দে কোচ

বিশ্বকাপে প্রথমবার অংশগ্রহণ। তবে সেটা বোঝা গেল না কেপ ভার্দের খেলায়। বিদায়ের সময় সঙ্গে করে নিয়ে গেল অগণিত ফুটবলপ্রেমীর শ্রদ্ধা। ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে প্রমাণ করে দিল, ফুটবলে ইতিহাস কিংবা র‍্যাংকিং সব সময় শেষ কথা নয়। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময় পর্যন্ত চাপে রেখে শেষ পর্যন্ত ৩-২ গোলে হারলেও, মাথা উঁচু করেই বিশ্বকাপ শেষ করেছে আফ্রিকার দেশটি।

বিদায়ের পর হতাশার চেয়ে গর্বই বেশি ছিল দলটির কোচ বুবিস্তার কণ্ঠে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত কেপ ভার্দে কোচ বলেন, ‘ড্রেসিং রুমের পরিবেশ বিষাদময়। আমরা কষ্ট পাচ্ছি, কারণ প্রতিযোগিতা থেকে বিদায় নিচ্ছি। অথচ আমরা জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। ছেলেরা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। তবে এটাও আমাদের বিকাশের অংশ। এই অভিজ্ঞতা আমাদের আরো শক্তিশালী করবে এবং প্রমাণ করে, এই দলের ভেতরে সত্যিই প্রাণ আছে।’

বিজ্ঞাপন

বিশ্বকাপে নিজেদের প্রথম অংশগ্রহণেই কেপ ভার্দে দেখিয়েছে অবিশ্বাস্য লড়াকু মানসিকতা। গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে ড্র করে রানার্সআপ হিসেবে জায়গা করে নেয় নকআউটে। এরপর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষেও শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যায় তারা।

নিজের খেলোয়াড়দের প্রশংসায় ভাসিয়ে বুবিস্তা বলেন, ‘ছেলেরা যা করেছে, তাতে আমি ভীষণ গর্বিত। তারা মর্যাদা ও সাহসের সঙ্গে লড়াই করেছে। আর্জেন্টিনা দেখিয়েছে কেন তারা বিশ্বচ্যাম্পিয়ন, আর আমার দলও দেখিয়েছে এই ম্যাচ খেলার জন্য তারা কতটা প্রস্তুত ছিল। আর্জেন্টিনার বিপক্ষে দুই গোল করা এবং ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যাওয়া আমাদের মানসিকতা ও সামর্থ্যেরই প্রমাণ। তারা কখনো নিজেদের পরিচয় হারায়নি।’

কেপ ভার্দের বিশ্বকাপ যাত্রা কেবল মাঠের ফলাফলের মধ্যে সীমাবদ্ধ ছিল না। নিজেদের দেশকে বিশ্বের সামনে তুলে ধরার লক্ষ্যও ছিল তাদের। সেই লক্ষ্য পূরণ হয়েছে বলেই বিশ্বাস করেন এই কোচ, ‘আমরা শুধু খেলতে আসিনি। আমাদের আরো বড় লক্ষ্য ছিল—বিশ্বের সামনে কেপ ভার্দেকে তুলে ধরা। পুরো টুর্নামেন্টজুড়ে আমরা ইতিবাচক ফুটবল খেলতে চেয়েছি এবং বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে সমানতালে লড়েছি। আমরা সততার সঙ্গে খেলেছি, প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়েছি। আমার বিশ্বাস, এই খেলোয়াড়দের ধন্যবাদ জানানো উচিত। কারণ তারা দেখিয়েছে, আমাদের ছোট্ট দেশটি আসলে কীসের প্রতিনিধিত্ব করে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...