ফুটবল মাঠে লিওনেল মেসি মানেই জাদুকরী কোনো মুহূর্ত, নিখুঁত কোনো ফ্রি-কিক কিংবা ডিফেন্ডারদের বোকা বানিয়ে বল জালে জড়ানোর অবিশ্বাস্য দৃশ্য। তবে সেই মেসিই যখন পেনাল্টি স্পটে দাঁড়ান, তখন কোটি ভক্তের বুক দুরুদুরু করে কেঁপে ওঠে। চলতি বিশ্বকাপে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি করার পর মেসির খ্যাপাটে ও বুনো উদ্যাপনই বলে দিচ্ছিল, মাঠের ভেতরে কতটা মানসিক চাপ নিয়ে খেলছিলেন ফুটবল জাদুকর।
প্রথমার্ধে মিসরীয় গোলরক্ষক মোস্তফা শোবেরের কাছে পেনাল্টি মিস করার পর মেসি নিজেই স্বীকার করেছেন, গোলটি করতে পেরে যেন স্বস্তির নিশ্বাস ফেলেছেন। তার মনে হচ্ছিল, পেনাল্টি মিসের কারণে দলকে বোধহয় একাই ডুবিয়ে দিলেন তিনি!
দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারে মেসি এ নিয়ে তৃতীয়বারের মতো টানা দুটি পেনাল্টি মিসের রেকর্ড গড়লেন। তবে এবারের ঘটনাটি ফুটবল ইতিহাসের পাতায় একটু ভিন্নভাবে জায়গা করে নিয়েছে এর দ্রুততার কারণে। মাত্র ১৫ দিনের ব্যবধানে এই বিশ্বকাপেই অস্ট্রিয়া ও মিসরের বিপক্ষে দুটি স্পট-কিক মিস করেছেন, যা তার ক্যারিয়ারের আগের যেকোনো পেনাল্টি খরার চেয়ে দ্রুততম।
ক্যারিয়ারে প্রথম বড় পেনাল্টি মিস করেন ২০১৪ সালে। সে বছর টানা ৩টি পেনাল্টি মিস করেছিলেন। লা লিগায় বেটিস ও লেভান্তের পর ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে জেফারসনের হাতে বল তুলে দেন মেসি। যদিও ২০১৪ বিশ্বকাপ সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে সফল হয়েছিলেন।
২০২১ সালে চ্যাম্পিয়নস লিগে পিএসজির কেইলর নাভাসের কাছে পেনাল্টি মিসের ৫৩ দিন পর লা লিগায় ভ্যালেন্সিয়ার সিলেসেন তার শট আটকে দেন।
পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের বড় মঞ্চে পেনাল্টি শুটআউট বা স্পট-কিক আর্জেন্টিনার জন্য বরাবরই এক ভয়ের নাম। বিশ্বকাপে পাওয়া ৮টি পেনাল্টির ৪টিই মিস করেছে আর্জেন্টিনা। আর এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডের সমীকরণটি আরো ভারী করেছেন মেসি নিজেই। বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ড যেমন তার, তেমনি এক বিশ্বকাপে সর্বোচ্চ দুটি পেনাল্টি মিসের তিক্ত স্বাদও পেতে হয়েছে এই আর্জেন্টাইন অধিনায়ককে।
বিশ্বকাপের এই জোড়া ব্যর্থতা দেখে যারা মেসিকে পেনাল্টিতে ‘খারাপ’ ভাবছেন, তাদের জন্য তার ক্যারিয়ারের সামগ্রিক পরিসংখ্যান এক বড় চপেটাঘাত। ক্যারিয়ারে নেওয়া ১৬১টি পেনাল্টির মধ্যে ১২৫টিতেই গোল করেছেন, যার সাফল্যের হার ৭৭.৬৪%।
পেনাল্টি স্পটের ভুলত্রুটি ছাপিয়ে মেসি কিন্তু এই বিশ্বকাপেও তার চেনা রূপেই উজ্জ্বল। ৫ ম্যাচে ৮ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার ওপরে আছেন। শুধু তাই নয়, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২১টি গোলের মহাকীর্তিও এখন তার একার দখলে।
পেনাল্টি মিসের মানসিক চাপকে বুড়ো আঙুল দেখিয়ে মেসি যেভাবে ম্যাচ জেতানো পারফরম্যান্স উপহার দিচ্ছেন, তাতেই প্রমাণিত হয়—কেন তিনি ফুটবলের সর্বকালের অন্যতম সেরা। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে মেসির পা থেকে আর কোনো পেনাল্টি মিস দেখতে চাইবেন না আলবিসেলেস্তে সমর্থকরা।
মেসির সামগ্রিক পেনাল্টি চিত্র
খাত সংখ্যা
মোট পেনাল্টি ১৬১টি
সফল গোল ১২৫টি
গোলরক্ষকের সেভ ২৭টি
লক্ষ্যভ্রষ্ট শট ৯টি
ক্লাব ও জাতীয় দলের হয়ে মেসির পেনাল্টি গোল
বার্সেলোনা: ১০৭টি পেনাল্টিতে ৮২টি গোল
পিএসজি: ৪টি পেনাল্টিতে ৩টি গোল
ইন্টার মিয়ামি: ৯টি পেনাল্টিতে ৮টি গোল
আর্জেন্টিনা (নির্ধারিত সময়): ৩২টি পেনাল্টিতে ২৫টি গোল
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

