আর্জেন্টিনা, স্পেন আর ফ্রান্সের দর্শন ও কৌশলে ডুলির স্বপ্নের রূপরেখা

আর্জেন্টিনা, স্পেন আর ফ্রান্সের দর্শন ও কৌশলে ডুলির স্বপ্নের রূপরেখা

বিশ্বকাপ না খেললেও ফুটবলের উন্মাদনায় ভেসে যেতে পারে যে দেশটি—তার নাম হলো বাংলাদেশ। আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি কিংবা স্পেনের মতো দলের পতাকা উড়িয়ে আর জার্সি পরে বাংলাদেশের কোটি মানুষ যেভাবে বিশ্বকাপ উদযাপন করল, সেটি দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলি। বিশ্বকাপ চলাকালীন ঢাকায় ঘুরে ঘুরে ফুটবল আবেগ আর উচ্ছ্বাসে মানুষের একাকার হয়ে যাওয়ার দৃশ্য দেখেছেন এই কোচ। তার মতে, এমন ফুটবল উন্মাদনা পৃথিবীর খুব কম দেশেই দেখা যায়। ২০২৬ বিশ্বকাপ থেকে কী শিখল বাংলাদেশ? স্পেন, আর্জেন্টিনা ও ফ্রান্স—এই তিন পরাশক্তির ফুটবল দর্শন আর কৌশল মিশলে নতুন এক স্বপ্নের রূপরেখা দাঁড় করালেন ডুলি। গত মে মাসে দুই বছরের জন্য বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন জার্মান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের সাবেক এই ফুটবলার। নতুন রূপরেখায় বাংলাদেশ দলকে আমূল বদলে দেওয়ার স্বপ্ন দেখছেন তিনি।

স্বপ্নের বাংলাদেশ দল গঠন প্রসঙ্গে ডুলি বলেছেন, ‘আমরা যা গড়তে চলেছি তা হলো—আমি ফুটবলের পেছনে ছুটতে পছন্দ করি না। আমি ফুটবলটাই খেলতে পছন্দ করি। তাই আমরা এমন একটি দল গড়তে চাই, যারা বলের দখল রাখবে, এক বা দুই টাচে খেলবে, প্রতিপক্ষকে দৌড় করাবে—স্পেনের মতো।’ তিনি আরো বলেন, ‘আমরা এমন একটি দল গড়তে চাই যেখানে সবাই একে অপরের জন্য, দলের প্রতীকের জন্য, সমর্থকদের জন্য লড়বে—ঠিক যেমন আর্জেন্টিনা মেসির জন্য, দেশের জন্য, একে অপরের জন্য লড়েছিল। এবং শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে—কারণ আমাদের তাদের মুখোমুখি হতেই হবে। আমরা পাল্টা আক্রমণে বিপজ্জনক হতে চাই, দ্রুত এবং নিখুঁতভাবে আক্রমণে যেতে চাই—ফ্রান্সের মতো। স্পেনের খেলার ধরন। আর্জেন্টিনার স্পিরিট। ফ্রান্সের পাল্টা আক্রমণ। এটাই আমাদের পথনির্দেশিকা।’ ডুলির এই কৌশল আর দর্শন নিঃসন্দেহে দেশের ফুটবলপ্রেমীদের মনে নতুন আশার আলো সঞ্চার করবে।

বিজ্ঞাপন

সামনে সেপ্টেম্বর-অক্টোবরে ফিফা উইন্ডো রয়েছে। এই উইন্ডোতে ম্যাচগুলোই হবে কোচ ডুলির বাংলাদেশ দলের নতুন রূপরেখা প্রমাণের প্রথম মঞ্চ। ডুলির মাস্টারপ্ল্যান কতটুকু সফল হবে মাঠে, তা সময়ই বলে দেবে। তবে এটা নিশ্চিত করে বলে দেওয়া যায়, নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশ ফুটবলের নতুন অধ্যায় রচনা করতে যাচ্ছেন ডুলি। এ পথচলায় সমর্থকদের পাশে চান এই কোচ। বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিলকে সমর্থন করেছে বাংলাদেশ, নিজ দেশের দলকে ঘিরেই দর্শকদের সেই ফুটবল আবেগ আর উচ্ছ্বাস দেখতে চান ডুলি। সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, বাংলাদেশ দলের দ্বাদশ খেলোয়াড় হলেন এই সমর্থকরাই। বাংলাদেশের খেলার সময় গ্যালারিতে দর্শকের গর্জন দেখার অপেক্ষায় নতুন ফুটবল কোচ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন