স্প্যানিশ লিগে দুদলেরই চারটি করে ম্যাচ বাকি। পয়েন্টের ব্যবধান ১১। তার মানে লা লিগার শিরোপা লড়াই শেষ বললেই চলে। কোচ আলভারো আরবেলোয়ার রিয়াল মাদ্রিদ সবশেষ পাঁচ ম্যাচের তিনটিতেই পয়েন্ট হারিয়ে লড়াই থেকে ছিটকে গেছে আসলে। তাইতো লিগ শিরোপা উৎসবের অপেক্ষায় এখন বার্সেলোনা।
টানা দ্বিতীয় শিরোপার সুবাস যেন ছড়িয়ে পড়েছে পুরো কাতালুনিয়ায়। ন্যু ক্যাম্পে মৌসুমের শেষ এল ক্লাসিকো মাঠে গড়াতে যাচ্ছে আজ রাতে! রিয়াল মাদ্রিদ সমর্থকদের ম্যাচটি মোটেই স্বস্তিকর নয়। আজ রাত ১টায় শুরু হবে মহারণটি। ড্র করলেই শিরোপা উৎসবে মেতে উঠবে বার্সেলোনা। আর জিতলে তো কথাই নেই। হারলে কেবল শিরোপা উৎসব পিছিয়ে যাবে লামিনে ইয়ামালদের।
এখন পর্যন্ত ৩৪টি করে ম্যাচ খেলে বার্সেলোনার সংগ্রহ ৮৮ এবং রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৭৭ পয়েন্ট। এখন সমীকরণটা সহজ হয়ে গেছে। রিয়াল মাদ্রিদ যদি তাদের বাকি সব ম্যাচ জেতেও, তবে তাদের সর্বোচ্চ পয়েন্ট দাঁড়াবে ৮৯। তাই শীর্ষে থাকা বার্সেলোনার শিরোপা নিশ্চিত করতে দরকার মাত্র এক পয়েন্ট।
এখানেই ব্যাপারটি অন্য একটি মাত্রা পেলেও পেতে পারে। লা লিগার প্রায় ১০০ বছরের ইতিহাসে এই অভাবনীয় ঘটনাটি আগে কখনো দেখা যায়নি। বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদÑ কোনো ক্লাবই এল ক্লাসিকোতে শিরোপা নিশ্চিত করতে পারেনি। ইতিহাসের এই পাতাটি এখনো ফাঁকা। আজ সেই পাতায় প্রথমবার নিজেদের নাম লিখতে বসে আছে বার্সা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

