বুন্দেসলিগায় আগের দুই দেখায় তেতো স্বাদ হজম করেছিল বায়ার্ন মিউনিখ। এবার আর কোনো ভুল হয়নি। দাপুটে পারফরম্যান্সে ইউনিয়ন বার্লিনকে ধসিয়ে জয়ের ধারায় ফিরেছে জার্মান চ্যাম্পিয়নরা।
আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার লিগ ম্যাচটি ৪-০ গোলে জয় পেয়েছে স্বাগতিকরা। একপেশে লড়াইয়ে জোড়া গোল করেন সের্গে জিনাব্রি। তার সঙ্গে একটি করে গোল এনে দেন মাইকেল ওলিসে ও হ্যারি কেইন।
শিরোপা ধরে রাখার পথে এগিয়ে থাকা বায়ার্নের ২৭ ম্যাচে সংগ্রহ ৭০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্টের পুঁজি নিয়ে দুইয়ে রয়েছে বরুশিয়া ডর্টমুন্ড।
ইউনিয়ন বার্লিনের মাঠে লিগে গত দুই আসরের ম্যাচে একবারও জিততে পারেনি বায়ার্ন। ২০২৪-২৫ মৌসুমে ১-১ গোলে ও গত মৌসুমে ২-২ গোলে ড্র হয়েছিল দুদলের লড়াই। তবে গত ডিসেম্বরে এবারের জার্মান কাপে দলটিকে ৩-২ গোলে হারিয়েছে কোচ ভিনসেন্ট কোম্পানির দল।
ফরাসি লিগ ওয়ানে ফের শীর্ষে উঠে গেছে পিএসজি। শনিবার নিসের মাঠে দাপুটে পারফরম্যান্সে ৪-০ গোলে জিতেছে তারা। ম্যাচে এক গোল ও এক অ্যাসিস্ট করে জয়ের নায়ক নুনো মেন্দেস। এ জয়ে ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে পিএসজি। এক ম্যাচ কম খেলেও তারা দ্বিতীয় স্থানে থাকা লেন্সের চেয়ে ১ পয়েন্ট এগিয়ে রয়েছে। এদিকে ২৭ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চল থেকে মাত্র পাঁচ পয়েন্ট ওপরে নিস।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

