কোপা দো ব্রাজিল থেকে বিদায়ের সঙ্গে বড় দুঃসংবাদও পেয়েছে সান্তোস। পালমেইরাসের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রকে। ড্রেসিংরুমে ফেরার পথে চোখের পানি মুছতে দেখা গেছে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে। পরে নিজের চোটের জন্য ঘরের মাঠ ভিলা বেলমিরোর বেহাল অবস্থাকেই দায়ী করেছেন তিনি।
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পালমেইরাসের কাছে ৩-০ গোলে হেরেছিল সান্তোস। দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকলেও ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ফলে দুই লেগ মিলিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় সান্তোস।
ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন নেইমার। বিরতি পর্যন্ত মাঠে থাকলেও দ্বিতীয়ার্ধে আর নামতে পারেননি। তার চোটের মাত্রা জানতে সপ্তাহের শেষ দিকে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
শুধু নেইমার নন, ম্যাচে চোট পেয়েছেন সান্তোসের উইঙ্গার আলভারো বারেয়াল ও ডিফেন্ডার লুকাস ভেরিসিমোও। দলটির কোচ কুকা বলেন, ‘আমরা নেইমারকে হারিয়েছি, বারেয়ালকে হারিয়েছি, লুকাসকেও হারিয়েছি। এখন দল হিসেবে আমাদের একসঙ্গে থাকতে হবে। আশা করি চোটগুলো গুরুতর নয় এবং তারা যত দ্রুত সম্ভব ফিরতে পারবে।’
চোটের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন নেইমার। তার অভিযোগ, ম্যাচের আগের দিন মাঠের মাটি আলগা করার কারণে ভিলা বেলমিরোর মাঠ গর্তে ভরে গিয়েছিল। তার দেখা সবচেয়ে বাজে মাঠগুলোর একটি ছিল এটি।
নেইমারের ভাষায়, প্রতিপক্ষের পাশাপাশি মাঠের সঙ্গেও লড়তে হয়েছে সান্তোসকে। অসমান মাঠে দৌড়ানো ও গতি নিয়ন্ত্রণে বাড়তি শক্তি ব্যয় করতে হয়েছে খেলোয়াড়দের। প্রথমার্ধেই তিন খেলোয়াড়ের চোট পাওয়ার পর মাঠকর্মীদের ব্যঙ্গ করে ‘অভিনন্দন’ও জানান তিনি।
চলতি মৌসুমে সান্তোসের হয়ে ২৪ ম্যাচে ৮ গোল করেছেন ৩৪ বছর বয়সী নেইমার। ব্রাজিলিয়ান লিগে বর্তমানে ১৪তম স্থানে থাকা সান্তোস অবনমন অঞ্চল থেকে চার পয়েন্ট এগিয়ে আছে। এবার তার চোট দলটির অবনমন এড়ানোর লড়াইকে আরও কঠিন করে তুলতে পারে
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

