মৌসুমের শেষ দিকে এসে একের পর এক হারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। এবার খানিকটা স্বস্তি ফিরে পেল আর্সেনাল শিবির। এবেরেচি এজের চমৎকার গোলে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে ফিরেছে কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ঘরের মাঠে শনিবার রাতে ম্যাচটি ১-০ গোলে জিতেছে গানাররা। ঘরোয়া ফুটবলে টানা চার হারের পর, জয়ের স্বাদ পেল এমিরেটস স্টেডিয়ামের দলটি।
পাঁচ মিনিটে দুই গোল হজমের পর, দ্বিতীয়ার্ধে চাপ বাড়াল ক্রিস্টাল প্যালেস। একটি গোল শোধ করে আবারও লিভারপুলকে রুখে দেওয়ার আশা জাগিয়েছিল তারা। তবে, এবার আর কোনো ভুল করল না কোচ আর্না স্লটের দল। ঘাম ঝরিয়ে হলেও ব্যবধান ধরে রেখে কাঙ্ক্ষিত জয় ছিনিয়ে নিয়েছে তারা। অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-১ গোলে জয় পেয়েছে শিরোপাধারীরা। এ নিয়ে লিগে টানা তৃতীয় জয় পেল তারা। আলেকসান্দার ইসাকের গোলে লিড নেওয়ার পর ব্যবধান বাড়ান অ্যান্ড্রু রবাটর্সন। দানিয়েল মুনোস ব্যবধান কমিয়ে নাটকীয়তার আভাস দিলেও, তেমন কিছু করতে পারেনি প্যালেস; শেষ দিকে দারুণ গোলে ব্যবধান বাড়ান ফ্লোহিয়ান ভিয়েৎস।
অন্যদিকে পুরোটা সময় কোণঠাসা থেকে মুহূর্তের চমকে আরেকটি অঘটনের সম্ভাবনা জাগাল সাউদ্যাম্পটন। তবে ওই ধাক্কায় এলোমেলো হলো না ম্যানচেস্টার সিটি। বরং ঘুরে দাঁড়িয়ে, পাঁচ মিনিটে দুই গোল করে এফএ কাপের ফাইনালে উঠল পেপ গার্দিওলার দল। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে প্রথম সেমি-ফাইনালে ২-১ গোলে জিতেছে সিটি। প্রতিপক্ষের অনেক সুযোগ নষ্টের মাঝে, ফিন এজাজের অসাধারণ এক গোলে এগিয়ে যায় আর্সেনালকে হারিয়ে সেমি-ফাইনালে ওঠা সাউদ্যাম্পটন। একটু পরই কিছুটা সৌভাগ্যের ছোঁয়ায় সমতা টানেন জেরেমি ডোকু, আর এরপর ব্যবধান গড়ে দেন নিকো গন্সালেস।
লিগ শিরোপা নিশ্চিত হওয়ার পরের ম্যাচে মাঠে নেমেই প্রবল চাপের মুখে পড়ল বায়ার্ন মিউনিখ। প্রথমার্ধেই হজম করল তিনটি গোল! তবে, এরপর ঘুরে দাঁড়িয়ে অসাধারণ এক জয় পেল টানা দ্বিতীয়বারের বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। মাইন্সের মাঠে খেলতে নেমে আসরে দ্বিতীয় হারের শঙ্কায় পড়েছিল বায়ার্ন। পরে অবশ্য ছন্দ ফিরে পায় তারা, তুলে নেয় ৪-৩ গোলের জয়। গত রাউন্ডে জিতে চার ম্যাচ হাতে রেখে শিরোপা ধরে রাখা নিশ্চিত করে বায়ার্ন। এরপর, গত বুধবার তারা জার্মান কাপের সেমি-ফাইনালে হারিয়ে দেয় বায়ার লেভারকুজেনকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

